রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে শিবিরের ঢিলেঢালা হরতাল
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ছাত্র শিবিরের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে সড়ক অবরোধের চেষ্টা করেছে পিকেটারা। পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়ায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
রাজশাহী শিবিরের অফিস সম্পাদক আনোয়ারুল ইসলাম মাসুমকে ‘তুলে নিয়ে’ যাওয়ার অভিযোগে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে সংগঠনটি।
তবে এইচএসসি ও সমমানের পরীক্ষা হরতালের আওতামুক্ত রাখা হয়েছে।
চাপাইনবাবগঞ্জে সকালে শিবিরকর্মীরা হরতালের সমর্থনে শহরের বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড মিছিল করে। এ সময় তারা চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের বিভিন্ন স্থানে এবং চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের উপর রাজারামপুর এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপ পরিদর্শক রহমত আলী জানান, সকাল ৮টার দিকে উপর রাজারামপুর এলাকায় সড়ক থেকে পিকেটারদের পুলিশ সরিয়ে দিতে চাইলে পুলিশের সাথে শিবিরকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৮ রাউন্ড গুলি ছুড়ে। এ সময় ১ জনকে আটক করা হয়।
শিবিরকর্মীরা এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় বলে তিনি জানান।
অন্যদিকে রাতে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৬ জামায়াত-শিবির কর্মীকে আটক করে পুলিশ।
রাজশাহীর ভদ্রা এলাকায় সড়ক অবরোধ
সকালে হরতাল সমর্থনে শহরের বোসপাড়া, ভদ্রা ও খড়খড়ি এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটাররা পালিয়ে যায়। সাড়ে ৮টার দিকে বিনোপুর এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে শিবিরকর্মীরা।
মহানগর শিবিরের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমানের দাবি, গত ৪ এপ্রিল রাতে র্যাব সদস্যরা মাসুমকে আটক করে। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
