২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় নৌকাডুবি: তিন জনের লাশ উদ্ধার

নতুন বছরের প্রথম দিন রাজশাহীর চারঘাটে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের লাশ ভেসে উঠেছে পদ্মায়।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2013, 04:09 AM

Updated : 23 Aug 2022, 10:34 AM

চারঘাট থানার ওসি আব্দুর রাজ্জাক খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকাল ৯টার দিকে তিনটি লাশ নদীতে ভেসে উঠলে পুলিশ ও স্থানীয় লোকজন মরদেহগুলো উদ্ধার করে।

এই তিনজন হলেন- সারদার গ্রামের আমিনুল ইসলামের দুই ছেলে মুক্তি (১১) ও আশিক (১৩) এবং গুলসারপুর গ্রামের রফিকুল ইসলাম (৬৫)।

মুক্তারপুর গ্রামের তোফাজ্জাল হোসেনের ছেলে তুরিন (৮) এখনো নিখোঁজ বলে জানান ওসি। 

নববর্ষ উপলক্ষে পদ্মার চরে ভ্রমণ শেষে ফেরার পথে রোববার সন্ধ্যা ৬টার দিকে ১৮ জন যাত্রী নিয়ে মাঝপদ্মায় ডুবে যায় ছোট নৌকাটি।

দুর্ঘটনার পর নৌকার আরোহীদের মধ্যে কয়েকজন সাঁতরে তীরে ওঠেন। নৌকা নিয়ে আরো কয়েকজনকে উদ্ধার করেন স্থানীয়রা। রাতে রাজশাহী থেকে ডুবুরি দল গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

স্থানীয় সংসদ সদস্য শাহরিয়ার আলমসহ প্রশাসনের কর্মকর্তারা উদ্ধার কাজের তদারকি করছেন।