২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ছাত্রলীগকর্মী খুন, আ. লীগ-বিএনপি সংঘর্ষ

রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় এক ছাত্রলীগকর্মী খুন হয়েছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2013, 03:05 PM

Updated : 23 Aug 2022, 10:33 AM

এর জের ধরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ছয় জন আহত হয়েছেন।

রোববার সন্ধ্যায় মেহেরচণ্ডী এলাকায় এই খুনের ঘটনার সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।

বিক্ষুব্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা এরপর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেশন বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ করেন।

নিহত রবিউল ইসলাম রবি রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের ছাত্র।  

মতিহার থানার ওসি অসিত কুমার ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে মেহেরচণ্ডী পশ্চিমপাড়ার একদল যুবক পূর্বপাড়ার রবিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা মাঠে ডেকে নিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা রবিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

নিহত রবি ছাত্রলীগের কর্মী ছিলেন বলে তার পরিবারের সদস্যরা বলছেন, বলেন ওসি।

তিনি আরো বলেন, ওই ঘটনার জের ধরে সন্ধ্যা ৭টার দিকে মেহেরচণ্ডী গ্রামে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে।

বিক্ষুব্ধ জনতা বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজারের ২৬ নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে।

রাত সাড়ে ৮টার ওসি বলেন, এখনো মামলা হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান মিলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনাস্থলের অদূরে চারুকলা বিভাগের বর্ষবরণ অনুষ্ঠান চলছিল। আমরা খবর পেয়ে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি।”