২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংগ্রাম সম্পাদকের বিরুদ্ধে মামলা

নিজেদের ছাপাখানায় বেআইনিভাবে দৈনিক আমার দেশ ছাপানোর অভিযোগে জামায়াতে ইসলামীর মুখপত্র দৈনিক সংগ্রামের সম্পাদক ও প্রকাশক আবুল আসাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2013, 10:25 AM

Updated : 23 Aug 2022, 10:33 AM

একই অভিযোগে মামলায় আসামি করা হয়েছে আমার দেশ পাবলিকেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদা বেগমকে, যিনি পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মা।

রমনা মডেল থানার এএসআই মোশারফ হোসেন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (প্রকাশনা) নাসরীন সুলতানা সংগ্রামের ছাপাখানায় বেআইনিভাবে আমার দেশ  মুদ্রণ এবং আমার দেশ প্রকাশ, প্রদর্শন ও বিক্রয় করার অপরাধে এ মামলা করেন।

তিনি জানান, এ মামলায় ১৯ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

প্রিন্টিং প্রেসেস অ্যান্ড পাবলিকেশনস (ডিক্লারেশন অ্যান্ড রেজিস্ট্রেশন) অ্যাক্ট ১৯৭৩ এর ৩২ ও ৩৩ ধারা অনুযায়ী এ মামলা হয় বলে তিনি জানান।

শনিবার রাতে জামায়াতে ইসলামীর মুখপত্র দৈনিক সংগ্রামের মগবাজারে আল ফালাহ প্রিন্টিং প্রেসে অভিযান চালিয়ে 'আমার দেশের' ছয় হাজার কপি পত্রিকা জব্দ করে পুলিশ। আটক করা হয় ছাপা সংশ্লিষ্ট ১৯ জন কর্মীকে।

এর আগে গত বৃহস্পতিবার আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের পর তেজগাঁওয়ে পত্রিকাটির ছাপাখানা সিলগালা করে দেয়া হয়েছিল।

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারকের কথিত স্কাইপ কথোপকথন প্রকাশ এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে  বৃহস্পতিবার দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই তাকে তিনটি মামলায় ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

সম্পাদককে গ্রেপ্তার এবং এরপর ছাপাখানা সিলগালা করে দেয়া হলেও শুক্র ও শনিবার সীমিত পরিসরে পত্রিকাটি বের হয়।

প্রেসেস অ্যান্ড পাবলিকেশন অ্যাক্ট অনুযায়ী একটি সংবাদপত্র কোনো ডিক্লারেশন পেলে তার জন্য ছাপাখানারও ডিক্লারেশন দেয়া হয়। ঘোষিত ছাপাখানার বাইরে অন্য কোথাও পত্রিকা ছাপাতে চাইলে জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিতে হয়।

তবে দৈনিক আমার দেশ অন্য ছাপাখানা থেকে ছাপার ব্যাপারে কোনো অনুমতি নেয়নি বলে গণমাধ্যমে খবর এসেছে।

অবশ্য দৈনিক সংগ্রামের উৎপাদন ব্যবস্থাপক খায়রুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আমার দেশ কর্তৃপক্ষ ঢাকা জেলা ম্যাজিস্টেটের কাছ থেকে তাদের প্রেসে ছাপানোর অনুমোদন নিয়েছে বলে জানায়। সেজন্যই তারা তাদের প্রেসে পত্রিকাটি ছাপাচ্ছিলেন।

পুরনো খবর:

সংগ্রামের ছাপাখানায় অভিযান