২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষবরণ উৎসবে মেতেছে চট্টগ্রাম

চিরনতুনের ডাক দিয়ে আবার আসা পহেলা বৈশাখ  নাড়া দিয়ে গেছে চট্টগ্রামবাসীদের। তাই নানা আয়োজনে, নানা আঙ্গিকে বন্দরনগরীতে বরণ করা হয়েছে বঙ্গাব্দ ১৪২০কে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2013, 07:40 AM

Updated : 23 Aug 2022, 10:33 AM

বরাবরের মতো ভোরের আলো ফুটতেই চট্টগ্রামে শুরু হয় নতুন বছরকে বরণ করে নেয়ার আয়োজন। নানা বয়সের মানুষ ঘর ছেড়ে জড়ো হয় ডিসি হিল পার্ক আর সিআরবির শিরীষ তলায়।

সকাল ৬ টা ২৫ মিনিটে ডিসিহিল পার্কে সদারঙ্গ উচ্চাঙ্গ সঙ্গীত পরিষদ-এর দলীয় উচ্চাঙ্গ সঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হয় নতুন বছরকে বরণ করে নেয়ার আয়োজন। তারপরই রবি ঠাকুরের কবিতার মধ্যে দিয়ে নতুন বছরকে স্বাগত জানান চট্টগ্রামের প্রবীণ আবৃত্তি শিল্পী রণজিৎ রক্ষিত।

এরপর চলতে থাকে দলীয় সঙ্গীত, আবৃত্তি, নাচ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের ভিড়।

তিন দশকের বেশি সময় ধরে চট্টগ্রামের এ ডিসি হিল পার্কে নববর্ষ বরণ আয়োজন করে আসছে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ।

সকাল ৭ টা ৩৫ মিনিটে সিআরবির শিরীষ তলায় বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয় 'কৃষ্ঠি' নামে একটি সংগঠনের সেতার বাদনের মধ্যে দিয়ে। দিনব্যাপী চলবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।

দুপুরে অনুষ্ঠিত হবে সাহাবউদ্দিনের বলী খেলা।

গত পাঁচ বছর ধরে সিআরবিরর শিরীষ তলায় এ নববর্ষ অনুষ্ঠানটি আয়োজন করছে 'নববর্ষ উদযাপন পরিষদ’।

পরিষদের সহ-সভাপতি সাংবাদিক ও নাট্যজন প্রদীপ দেওয়ানজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জঙ্গীবাদ ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে পহেলা বৈশাখ হচ্ছে বাঙালির একমাত্র অসাম্প্রদায়িক উৎসব। যারা শুধু ভাষায় বাঙালি, মেধা, মনন, চিন্তা, চেতনায় বাঙালি সত্ত্বাকে ধারণ করে না এবং পশ্চাতপদ অশুভ সংস্কৃতিকে ধারণ করে ও বাঙালির সমস্ত অর্জনকে নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে এ পহেলা বৈশাখ।"

এদিকে, নববর্ষ উদযাপন নির্বিঘ্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে চট্টগ্রামের আইনশৃঙ্খলা বাহিনী।

ডিসি হিল পার্কের ঢোকার মুখে বসানো হয়েছে চারটি আর্চওয়ে। এছাড়া মেটাল ডিডেক্টর দিয়েও করা হচ্ছে তল্লাশি। মোতায়েন করা হয়েছে বিপুল পরিমাণ পুলিশ ও র‌্যাব সদস্য।

নগরীর লাভলেইন, এনায়েত বাজার মোড়, বোস ব্রাদার্স, চেরাগী পাহাড় মোড় থেকে ডিসি হিল পর্যন্ত সকল প্রকার যানচলাচল বন্ধ করে দিয়েছে।

এছাড়া, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, সাত রাস্তার মাথা এবং কাঠের বাংলো থেকে সিআরবি এলাকা পর্যন্ত সকল যান চলাচল বন্ধ রয়েছে।

এদিকে চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউট থেকে বের হয়েছে মঙ্গল শোভাযাত্রা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট ও চারুশিল্পী কল্যাণ সংস্থা যৌথ ভাবে আয়োজন করেছে এ শোভাযাত্রা।

চারুকলা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক সৌমেন কান্তি দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ বছরের শোভাযাত্রার থিম হচ্ছে, "দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলের অবক্ষয়।" 

রাজনৈতিক ও সাংস্কৃতিক অবক্ষয় ও অন্ধকারের কালো থাবা প্রতিরোধের ডাক দিয়ে শোভাযাত্রায় প্রদর্শন করা হচ্ছে বিভিন্ন ধরনের মুখোশ ও প্রতীকী প্ল্যাকার্ড।

শোভাযাত্রটি কাজীর দেউড়ি, জামালখান, ডিসি হিল, লাভ লেইন, ইস্পাহানি মোড়, জিইসি হয়ে পুনরায় চারুকলা ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জেলা শিল্পকলা একাডেমি, বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয়সহ নগরীর অন্যান্য স্থানেও চলছে পহেলা বৈশাখ উপলক্ষে নানা অনুষ্ঠান।

এছাড়া, বাকলিয়া মাঠে চট্টগ্রাম সিটি কার্পোরেশনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে নববর্ষ অনুষ্ঠান ও বলী খেলা।