২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতকানিয়ায় জামায়াতের হামলায় ওসিসহ ৬ পুলিশ আহত

চট্টগ্রামের সাতকানিয়ার চরতি ইউনিয়নে আসামি ধরতে গিয়ে জামায়াত নেতাকর্মীদের হামলায় ওসিসহ ছয় পুলিশ আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2013, 04:05 PM

Updated : 23 Aug 2022, 10:33 AM

সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় আসামি ধরতে গেলে শনিবার সকালে সাতকানিয়া তালগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের দুটি গাড়িও ভাংচুর করে তারা।

আহতরা হলেন- সাতকানিয়া থানার ওসি মো. ইসমাইল, এসআই ইয়াছির আরাফাত, দুই এএসআই মো. আলম ও আনছারুল হক এবং দুই কনস্টেবল মো. জুনাইদ ও আলী হোসেন।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

সাতকানিয়া থানার ওসি মো. ইসমাইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ওই এলাকায় আসামি ধরতে যান তারা। এ সময় জামায়াতের নেতাকর্মীরা চেয়ারম্যান ও ইউনিয়ন জামায়াতের আমির রেজাউল করিমকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে বলে মসজিদের মাইকে ঘোষণা দেয়।

এই ঘোষণার পরপর দা, কিরিচ, লাঠি, রড ও ইট পাটকেল নিয়ে হাজার হাজার নারী পুরুষ রাস্তায় নেমে হামলার চেষ্টা করে।

এ সময় জামায়াত নেতাকর্মীদের ইটের আঘাতে তিনিসহ ছয় পুলিশ সদস্য আহত হন বলে ওসি ইসমাইল জানান।

হামলাকারীরা স্থানীয় জামায়াতের নেতাকর্মী বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।