২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হলো পিপীলিকা’র পথচলা

বাংলা ও ইংরেজি ভাষায় তথ্য অনুসন্ধানে সক্ষম দেশের প্রথম সার্চ ইঞ্জিন ‘পিপীলিকার’ আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2013, 03:45 PM

Updated : 23 Aug 2022, 10:33 AM

শনিবার সন্ধ্যায় রাজধানীর রূপসী বাংলা হোটেলে এই সার্চ ইঞ্জিনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তিমন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, আবদুল্লাহ আবু সায়ীদ, মুহম্মদ জাফর ইকবাল ও জিপি আইটির প্রধান নির্বাহী রায়হান শামসি।

এই উন্মুক্ত ওয়েব সার্ভিসটি পত্রিকার সংবাদ, বাংলা ব্লগ, বাংলা উইকিপিডিয়া ও সরকারি তথ্য স্বয়ংক্রিয়ভাবে বিশ্লেষণ ও সংরক্ষণ করতে সক্ষম।

নতুন এই সার্চ ইঞ্জিনটি পাওয়ার জন্য যেতে হবে pipilika.com -এই ঠিকানায়।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের একদল শিক্ষার্থী ‘পিপীলিকা’ তৈরি করেছে।

আর এর বিপণন, পরিকল্পনা ও অর্থায়নে সহযোগিতা দিয়েছে জিপিআইটি লিমিটেড।

আয়োজকরা জানিয়েছেন, জনপ্রিয় সার্চ ইঞ্জিনগুলোর কোনটিতেই বাংলা ভাষার উপর তেমন গুরুত্ব আরোপ করা হয়নি। তাই তারা বাংলা তথ্য বিশ্লেষণ ও অনুসন্ধানের উপর গুরুত্ব দেয়ার চেষ্টা করেছেন।

পিপীলিকা’র প্রকল্প পরিচালক হিসেবে রয়েছেন কম্পিউটার প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল এবং মুখ্য গবেষক ও টিম লিডার হিসেবে কাজ করেছেন মো. রুহুল আমীন সজিব।

রুহুল আমীন সজিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আপাতত এটি বেটা ভার্সন আকারে ছাড়া হয়েছে। এতে যে কেউ পরামর্শ দিতে পারেন। প্রতিনিয়ত এর বৈশিষ্ট্য ও ফাংশন আপডেটের কাজ চলছে।

পিপীলিকা’য় বাংলা সার্চের জন্য নিজস্ব একটি বাংলা অভিধান ব্যবহার করা হয়েছে। ব্যবহারকারী ভুল বানান দিলেও পিপীলিকা স্বয়ংক্রিয়ভাবে সঠিক বানান খুঁজে নিয়ে সেই নতুন শব্দ দিয়ে অনুসন্ধান করতে সক্ষম।

তবে ইংরেজিতে অনুসন্ধানের ক্ষেত্রে অভিধান ব্যবহার করা হয়নি বলে জানান সজিব।

পুরনো খবর:

পিপীলিকা ‘হাঁটবে’