প্রধানমন্ত্রীর কাছে দেয়া হলো কওমি মাদ্রাসা শিক্ষানীতি
‘কওমি মাদ্রাসা শিক্ষানীতি’ চূড়ান্ত বিবেচনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিয়েছেন কওমি মাদ্রাসা শিক্ষা কমিশন।
গণভবনে শনিবার রাতে কওমি মাদ্রাসা শিক্ষা কমিশনের কো-চেয়ারম্যান আল্লামা ফরিদ উদ্দি মাসউদ সরকার প্রধানের হাতে এই শিক্ষানীতি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
শেখ হাসিনা সাধারণ পাঠ্য পুস্তকের সঙ্গে ধর্মীয় শিক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, মাদ্রাসা শিক্ষারও অবদান রয়েছে।
ফটিকছড়িতে মসজিদের মাইক ব্যবহার করে মিথ্যা ঘোষণা দিয়ে হরতালবিরোধী মিছিলের ওপর হামলার কথা তুলে ধরে তিনি বলেন, “যারা মসজিদের মাইক ব্যবহার করে মিথ্যা কথা বলে, তারা কী ইসলামের মূল শিক্ষা গ্রহণ করেছে।”
জামায়াত-শিবিরের বিরুদ্ধে প্রকৃত ওলামা-মাশায়েখদের সোচ্চার হওয়ারও আহবান জানান প্রধানমন্ত্রী।
এ সময় অন্যদের মধ্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষা সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী এবং কওমি মাদ্রাসা শিক্ষা কমিশনের সদস্য সচিব আল্লামা রুহুল আমিন উপস্থিত ছিলেন।
