আহত আ.লীগ নেতাকর্মীরা হাসপাতালে কাতরাচ্ছেন
ফটিকছড়িতে আওয়ামী লীগের মিছিলে জামায়াত ও হেফাজতের হামলায় আহত নেতাকর্মীরা হাসপাতালে কাতরাচ্ছেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল ও নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে আওয়ামী লীগের প্রায় দেড় শতাধিক নেতাকর্মী হামলার শিকার হয়ে চিকিৎসাধীন আছেন।
এছাড়া হাসপাতালের অর্থোপেডিক সার্জারি, ক্যাজুয়ালটিসহ অন্যান্য ওয়ার্ডে ভর্তি করা হয়েছে আহতদের। তিনজনকে রাখা হয় আইসিইউতে।
২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন জামাল আলম (৩২)। তার মাথা, কপাল, পা ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে সেলাই করা।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি কখনো কোনো মারামারিতে যাইনি। মিছিলকারীরা মানুষ জবাই করেছে এমন গুজব ছড়িয়ে আমাদের ওপর নারকীয় হামলা চালায় জামায়াত ও এই এলাকার লোকজন।
“প্রাণ রক্ষায় অনেক চেষ্টা করেছি। চারদিক থেকে মারতে আসে। কেউ বাঁচাতে চায় না। আমি মরে গেছি ভেবে হামলাকারীরা আমাকে ফেলে চলে যায়।”
জামাল আরো জানান, সেখানেই তিনি অজ্ঞান হয়ে পাঁচ থেকে ছয় ঘন্টা পড়ে ছিলেন। এ সময়ের মধ্যে কেউ আসেনি উদ্ধার করতে। অমানবিক নির্যাতনের পরও বেঁচে যাওয়াটা তার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে।
একই ওয়ার্ডে চিকিৎসাধীন আওয়ামী লীগকর্মী ও শিক্ষার্থী বেলাল উদ্দিন (২৬)। তার সারা শরীরে ক্ষত। কথা বলতে পারছেন না তিনি।
পাশে বসা তার চাচাত ভাই রমজান আলী জানালেন, মিছিলে হামলার শুরু হওয়ার পর বেলাল একটি তিনতলা ভবনের ছাদে আশ্রয় নেয়। ওকে হামলাকরীরা দেখে ফেলে। তারপর তাকে তিনতলা ভবন থেকে বেধরক মারধর করে নিচে নামায়। পরে সে মরে গেছে এমন ভান করলে হামলাকারীরা মৃত ভেবে পায়ে ধরে টেনে-হিচড়ে ওই বাড়ির পাশে স্কুলের ভিতরে ফেলে যায়।
সন্ধ্যার পর অ্যাম্বুলেন্স গিয়ে বেলালকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে বলে রমজান জানান।
আইসিইউতে আছেন হেলাল উদ্দিন পিয়ারু (২২)। বাইরে দাঁড়ানো তার ভাই এনামূল হক জানান, হামলাকারীরা পিয়ারুর মাথা থেঁতলে দিয়ে মৃত ভেবে কাজিরহাট স্কুলের পাশে ফেলে দিয়ে যায়। তার মাথায় অস্ত্রোপচার হয়েছে।
এ ছাড়াও নগরীর সার্জিস্কোপ, হলিক্রিসেন্ট, একুশেসহ বিভিন্ন হাসপাতালে জামায়াত ও হেফাজতের হামলার শিকার আওয়ামী লীগ নেতাকর্মীরা চিকিৎসা নিচ্ছেন।
