‘হেফাজতের দাবির ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে’
হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে বলে দাবি করেছেন সংগঠনটির কেন্দ্রীয় মহাসচিব জুনায়েদ বাবুনগরী।
শনিবার সিলেট নগরীর সিটি পয়েন্টে হেফাজতে ইসলামের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জুনায়েদ বলেন, আহমেদ শফি ঘোষিত হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি নারীদের বিরুদ্ধে নয়, তাদের কর্মজীবন বন্ধ করা নয়। নারীরা সমস্ত কাজ করবেন। তবে তা হেজাবের সহিত।
নারীরা যাতে আরো সুন্দর ও নিরাপদ পরিবেশে তাদের কাজ করতে পারেন সেজন্যই হেফাজত নারীর পর্দার কথা বলেছে। কেবল পর্দাই পারে নারীর স্বাধীনতা নিশ্চিত করতে।
জুনায়েদ আরো বলেন, ইমরান এইচ সরকার হেফাজতে ইসলামের নেতাকর্মীদের রক্তে শাহবাগ রঞ্জিত করার হুমকি দিয়েছেন। তার জেনে রাখা উচিত, একজন হেফাজতকর্মীর কিছু হলে ঘরে ঘরে আগুন জ্বলবে।
তিনি বলেন, সৈয়দ আশরাফ [স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম] বলেছেন হেফাজতে ইসলাম নাকি লেজগুটিয়ে নিয়েছে। সিলেটের এই বিশাল সমাবেশ প্রমাণ করেছে ১৩ দফা দাবি না মানলে আওয়ামী লীগ সরকারকে লেজগুটিয়ে দেশ ছাড়তে হবে।
শাহরিয়ার কবীরের সমালোচনা করে বাবুনগরী বলেন, “শাহরিয়ার কবীর হেফাজত নেতা শফির সঙ্গে বেয়াদবি করেছেন। শাহরিয়ার কবীর ও তার দালালরা শফির দিকে তাকালে তৌহিদী জনতা তার চোখ তুলে ফেলবে।”
জামায়াত ও বিএনপির সঙ্গে হেফাজতের কোনো সম্পর্ক নেই বলেও তিনি দাবি করেন।
তিনি ইসলাম বিরোধী, রাসুলের অবমাননাকারীদের মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাশ করারও দাবি জানান।
ইসলাম বিরোধী ব্লগারদের ফাঁসি না হওয়া পর্যন্ত হেফাজতকর্মীরা ঘরে ফিরে যাবে না বলেও জানান জুনায়েদ বাবুনগরী।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমীর হাবীবুর রহমান।
হেফাজতে ইসলাম সিলেটের সভাপতি মুহিবুল হক গাছবাড়ির সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আল্লামা আবদুল মোমিন ইমামবাড়ি, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাহমুদুল হক, আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী, মাওলানা আবদুল বাছিত বরকতপুরী, শায়খ মাওলানা জিয়া উদ্দিন, মাওলানা মহি উদ্দিন ইকরাম, মাওলানা মাহফুজুল হক, রশিদুর রহমান ফারুক, মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা জুবায়ের আহমদ আনসারী, মাওলানা নুরুল ইসলাম খান প্রমুখ।
