‘সম্প্রীতির বন্ধনে দাঁড়াবে দেশ’
বাংলা নববর্ষের প্রথম দিনে হাতে হাত ধরে সম্প্রীতির বন্ধন রচনা করার প্রতীকী কর্মসূচি এসেছে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে। জ্বলবে মঙ্গলপ্রদীপও।
বাংলা নববর্ষের প্রথম দিনে হাতে হাত ধরে সম্প্রীতির বন্ধন রচনা করার প্রতীকী কর্মসূচি এসেছে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে। জ্বলবে মঙ্গলপ্রদীপও।
শনিবার সন্ধ্যায় শাহবাগে গণজাগরণ মঞ্চের মিডিয়া সেলের সামনে এক প্রেস ব্রিফিংয়ে নববর্ষের এই নতুন কর্মসূচি ঘোষণা করেন মুখপাত্র ইমরান এইচ সরকার।
পূর্বঘোষিত মহাসমাবেশ কর্মসূচির পাশাপাশি নতুন এই কর্মসূচি এলো।
ইমরান বলেন, “বিকাল ৫টা ৩০ মিনিটে সারা দেশব্যাপী তিন মিনিটের জন্য পালন করা হবে এই সম্প্রীতির বন্ধন কর্মসূচি। এ সময় যে যেখানেই থাকবেন, আপনার পাশের মানুষের হাত ধরে দাঁড়াবেন।”
এ ছাড়া সন্ধ্যা সাড়ে ৭টায় দেশব্যাপী মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচিও ঘোষণা করেন তিনি।
মঙ্গলপ্রদীপ না থাকলে মোমবাতি জ্বালানোর অনুরোধ জানানো হয়েছে জাগরণ মঞ্চের পক্ষ থেকে।
এ ছাড়া সকাল ৬টায় গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান এবং সকাল ৯টায় চারুকলা অনুষদে আয়োজনে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণের কর্মসূচি দেয়া হয়েছে।
গণজাগরণ মঞ্চের মূল অনুষ্ঠান হবে বিকাল ৪টায়।
বৃহস্পতিবার শিবিরের হরতাল চলাকালে চট্টগ্রামের ফটিকছড়িতে হরতালবিরোধী মিছিলে হেফাজত-জামায়াতের হামলার সমালোচনা করা হয় গণজাগরণ মঞ্চের সংবাদ সম্মেলনে।
তিনি বলেন, যারা নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অন্ধকারের অতলে নিয়ে যেতে চায়, সেইসব জামাত-শিবিরের হায়েনাদের ডাকা হরতাল জনগণ বরাবরের মতোই প্রত্যাখ্যান করেছে।
জামায়াত-শিবিরচক্র দেশকে বর্বরতা আর নিষ্ঠুরতার চূড়ান্ত রূপে নিয়ে যাচ্ছে অভিযোগ করে ইমরান বলেন “গণজাগরণ মঞ্চ ৬৮ দিন ধরে চলা গণআন্দোলনে বারবার জামাত-শিবির নিষিদ্ধের দাবি করে আসছে।
ফটিকছড়ি হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, “আমরা শোককে শক্তিতে পরিণত করবো। হত্যাকারীদের চূড়ান্ত বিনাশ না হওয়া পর্যন্ত গণজাগরণ মঞ্চ তার আন্দোলন চালিয়ে যাবে।”
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গত ৫ ফেব্রুয়ারি শাহবাগে গণজাগরণ আন্দোলনের সূচনা ঘটে। পরে তা অন্য জেলাগুলোতেও ছড়িয়ে পড়লে চট্টগ্রামেও গঠিত হয় গণজাগরণ মঞ্চ।
তবে জামায়াতবিরোধী এই আন্দোলনে ‘অনৈসলামিক’ কর্মকাণ্ড হচ্ছে দাবি করে কয়েকটি ইসলামী দল শাহবাগের আন্দোলনের বিরুদ্ধে কর্মসূচি দেয়। চট্টগ্রামভিত্তিক হেফাজতে ইসলাম এর একটি।
গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে, ইসলামসহ কোনো ধর্মের অনুভূতির ওপর কোনো ধরনের আঘাত হানার উদ্দেশ্য তাদের নেই। শুধু যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি রয়েছে তাদের।
যুদ্ধাপরাধের বিচারের বিরোধিতাকারী জামায়াত মানুষের ধর্মীয় অনুর্ভতিকে পুঁজি করে গণজাগরণ আন্দোলন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও অভিযোগ করছেন শাহবাগের তরুণরা।
