নিরাপত্তায় আকাশে থাকবে হেলিকপ্টারও
নির্বিঘ্নে বর্ষবরণের অনুষ্ঠান উদযাপনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাব। পর্যবেক্ষণে রমনার আকাশে থাকবে র্যাবের দুটি হেলিকপ্টার।
শনিবার রমনা বটমূলে সার্বিক নিরাপত্তা দেখতে এসে র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান সাংবাদিকদের এ কথা জানান।
বরাবরের মতো এ বছরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “মঙ্গল শোভাযাত্রার সময় রমনার আকাশে দুটি হেলিকপ্টার টহল দেবে এবং শোভাযাত্রার নিরাপত্তা পর্যবেক্ষণ করবে।”
রোববার নানা আয়োজনে বঙ্গাব্দ ১৪২০ বরণ করা হবে সারা দেশে। প্রতিবারের মতো এবারো চারুকলার শিক্ষার্থীদের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হবে মঙ্গল শোভাযাত্রা।
প্রতিবছর শান্তিপূর্ণভাবে এ অনুষ্ঠান চললেও ২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে নববর্ষের অনুষ্ঠানে জঙ্গি বোমা হামলায় ১০ জন নিহত হন।
ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলাগুলোতেও র্যাবের কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান র্যাব মহাপরিচালক।
মোখলেছুর রহমান জানান, নববর্ষের নিরাপত্তায় ঢাকায় প্রায় আড়াই হাজার এবং সারা দেশে প্রায় তিন হাজার র্যাব সদস্য মোতায়েন থাকবে।
এদিকে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার জানিয়েছেন নববর্ষে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
বেলা ৩টার দিকে রমনা বটমূল ও রমনা পার্কের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের বলেন, কোনো সাম্প্রদায়িক মৌলবাদী শক্তি বাঙালির প্রাণের উৎসবে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না।
সবার প্রতি পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে হাসান মাহমুদ বলেন, অনুষ্ঠানে কেউ বড় ধরনের ব্যাগ নিয়ে আসবেন না।
এর আগে শুক্রবার ঢাকা মহানগর পুলিশ এক সংবাদ সম্মেলনে জানায়, নববর্ষের নিরাপত্তায় ২২টি পয়েন্টে রোড ব্লক ও তল্লাশি চৌকি থাকবে।
পাশাপাশি নববর্ষের দিন বিকাল পাঁচটার মধ্যে রমনা পার্ক এলাকা ছাড়ারও অনুরোধ করা হয় ওই সংবাদ সম্মেলনে।
