গণজাগরণ মঞ্চে সমাবেশ করতে চায় হেফাজত
খুলনায় শিববাড়ী মোড়ে গণজাগরণ মঞ্চে সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করেছে হেফাজতে ইসলাম।
তবে, প্রশাসন এখনো তাদের অনুমতি না দিলেও খুলনা গণজাগরণ মঞ্চ শিববাড়ী মোড়ে হেফাজতকে সমাবেশ করতে না দেয়ার ঘোষণা দিয়েছে।
শনিবার এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।
যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মার্চ মাস থেকে গণজাগরণ মঞ্চের কর্মীরা এখানে সমাবেশ করে আসছেন।
হেফাজতে ইসলাম আগামী ২০ এপ্রিল শিববাড়ী মোড়ে সমাবেশ করার অনুমতির আবেদন করেছে বলে নগর পুলিশ প্রশাসন জানিয়েছে।
নগর বিশেষ শাখার উপ-পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপক্ষের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
দুপুরে খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে গণজাগরণ মঞ্চকর্মী ফজলে রাব্বী লিখিত বক্তব্য পাঠ করেন।
এতে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শ্রেণি পেশার মানুষকে যুদ্ধাপরাধ বিরোধী সকল অপচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
লিখিত বক্তব্যে আরো বলা হয়, হেফাজতে ইসলাম নামের একটি সংগঠন ২০ এপ্রিল শিববাড়ী মোড়ে মহাসমাবেশ করতে চায়। হেফাজতের দৃষ্টি এখন শিববাড়ী মোড়ের গণজাগরণ মঞ্চের দিকে। তা না হলে এত স্থান থাকতে তারা কেন গণজাগরণ মঞ্চকে বেছে নেবে। এটি দুরভিসন্ধিমূলক এবং জঙ্গিবাদের বহিঃপ্রকাশ।
সরকার ও প্রশাসনের কাছে শিববাড়ী মোড়ে হেফাজতে ইসলামের সমাবেশ করার অনুমতি না দেয়ারও আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে।
সম্মেলনে অভিযোগ করা হয়, গত ৬ এপ্রিল হেফাজতে ইসলাম ঢাকার শাপলা চত্বরে জামায়াত-শিবিরের অর্থায়নে সমাবেশ করে। ওই সমাবেশে পেশ করা ১৩ দফা দাবির সবকিছুই বাংলাদেশের অস্তিত্ব, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের মূল্যবোধের প্রতি চরম অবমাননাকর। দফাগুলো বাংলাদেশের সংবিধানবিরোধী।
