২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হে নতুন, তুমি এসো গগন পূর্ণ করি’

রবিঠাকুরকে উদ্ধৃত করে দেশবাসীকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2013, 12:29 PM

Updated : 25 Apr 2022, 06:36 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াও দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন।

জীর্ণ, জরা ও গ্লানি মুছে সব বাঙালির জীবনে ১৪২০ সাল সুখ, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ বয়ে আনবে বলে আশা করেছেন তারা।

নববর্ষের বাণীতে অস্থায়ী রাষ্ট্রপতি বলেন, “কবির গুরুর ভাষায় বলি-  ‘হে নতুন, এসো তুমি সম্পূর্ণ গগন পূর্ণ করি পুঞ্জ পুঞ্জ রূপে’।বাংলা নববর্ষ-১৪২০ সবার জন্য শুভ ও কল্যাণকর হোক।”

বাঙালির আবহমান ঐতিহ্যের অনুষঙ্গ পহেলা বৈশাখকে আত্মোপলব্ধির এক দিন বলেও উল্লেখ করেন আবদুল হামিদ।

সব বিভেদ ভুলে বাংলা নববর্ষ জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দেশবাসীর ঐক্য আরো সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, “নববর্ষ মানেই লোকায়ত বাঙালি সংস্কৃতির বর্ণাঢ্য উৎসব। প্রাণে নতুন উদ্যম সঞ্চরণের প্রেরণা। নতুন আশায় উদ্দীপ্ত হওয়ার নির্ঘণ্ট।”

পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার আধার হওয়ায় এই চেতনা ভাঙতে বার বারই আঘাত হানা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ধর্মান্ধ, সাম্প্রদায়িক শক্তির কোনো অপচেষ্টাই সফল হয়নি।

নববর্ষের উৎসব সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা ও অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার শক্তি যোগাবে, আশা প্রকাশ করেছেন শেখ হাসিনা।

পহেলা বৈশাখকে জাতির আত্মপরিচয়ে জেগে ওঠার দিন বলে অভিহিত করেন বিরোধীদলীয় খালেদা জিয়া।

তিনি বাণীতে বলেন, “অনন্তকাল ধরে গড়ে উঠা আমাদের ভাষা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের অহংকারকে বিদেশি  আধিপত্যবাদী প্রভুরা খর্ব করার নানা ফন্দি করেছে, কিন্তু সফল হয়নি। পহেলা বৈশাখ আমাদের গর্বিত ঐতিহ্যকেই স্মরণ করিয়ে দেয়, এদিন জেগে উঠে জাতির আত্মপরিচয়।”

গত বছরের দুঃখ, অবসাদ, ক্লান্তি, হতাশা, গ্লানি ভুলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার আশা প্রকাশ করেছেন বিরোধী নেতা।

রাজস্ব আদায়ের সুবিধার জন্য মুঘল সম্রাট আকবরের যুগে প্রবর্তন করা হয় বাংলা সালের। ‘ফসলি সন’ প্রবর্তনের মাধ্যমে ষোড়শ শতকে যে বাংলা সাল চালু হয়েছিল, তারই শুরুর দিনটি এখন বাঙালির প্রাণের উৎসবে পরিণত হয়েছে।

আকবরের নবরত্ন সভার আমির ফতেহ উল্লাহ সিরাজী খাজনা আদায়ের সুবিধার জন্য চান্দ্রবর্ষকে সৌরবর্ষের সঙ্গে মিলিয়ে ফসলি সাল গণনা শুরু করেছিলেন তিনি। হিজরিকে বাংলা সালের সঙ্গে সমন্বয় করে বৈশাখ থেকে বাংলা নতুন বছর গণনা শুরু হয়। বৈশাখ নামটি এসেছে নক্ষত্র ‘বিশাখা’ থেকে।

আয়োজন

সরকারি ছুটির দিনে প্রতিবছরের মতো এবারো নববর্ষ উদযাপনে সরকারি ও বেসরকারি উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

বর্ষবরণের প্রধান উৎসব শুরু হবে ভোরে রমনা বটমূলে ছায়ানটের অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে।

রমনায় ছায়ানটের অনুষ্ঠান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হবে মঙ্গল শোভাযাত্রা।

শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমিতেও থাকছে বর্ষণের অনুষ্ঠান। জাতীয় গ্রন্থকেন্দ্র ও নজরুল ইনস্টিটিউটেও হবে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

নববর্ষ উদযাপনে বাংলা একাডেমী ও বিসিক তিন দিনব্যাপী মেলা, লোক উৎসবের আয়োজন করেছে।

সব বিভাগীয় শহর এবং জেলা সদর ও উপজেলায় পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলার আয়োজন করা হয়েছে।

পহেলা বৈশাখ উপলক্ষে রোববার বিকালে জাসাস নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান করবে। মহিলা দলের উদ্যোগে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সেখানে চলবে বৈশাখী মেলা।