২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষবরণে সাড়ম্বর প্রস্তুতি চট্টগ্রামে

বাংলা নতুন বছর বরণ করতে সাড়ম্বর প্রস্তুতি নিয়েছে বন্দরনগরী চট্টগ্রাম।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2013, 10:50 AM

Updated : 23 Aug 2022, 10:33 AM

বর্ষবরণের উৎসব নির্বিঘ্ন করতে সব বন্দোবস্ত হয়েছে জানিয়ে রোববার সন্ধ্যা ৭টার মধ্যে সব অনুষ্ঠান শেষ করার পরামর্শ দিয়েছে পুলিশ।

বাংলা ১৪১৯ কে বিদায় এবং ১৪২০ কে বরণে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা আয়োজন সাজিয়েছে। 

সকাল ৯টায় চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউট থেকে বের হবে মঙ্গল শোভাযাত্রা, যা যৌথভাবে আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট ও চারুশিল্পী কল্যান সংস্থা।

চারুকলা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক সৌমেন কান্তি দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এবছরের শোভাযাত্রার থিম হচ্ছে- ‘দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলের অবক্ষয়’। 

রাজনৈতিক ও সাংস্কৃতিক অবক্ষয় ও অন্ধকারের কালো থাবা প্রতিরোধের ডাক দিয়ে শোভাযাত্রায় প্রদর্শন করা হবে বিভিন্ন ধরনের মুখোশ ও প্রতীকী প্ল্যাকার্ড।

এই শোভাযাত্রা চারুকলা ইনস্টিটিউট থেকে শুরু হয়ে কাজীর দেউড়ি, জামাল খান, ডিসি হিল, লাভ লেইন, ইস্পাহানি মোড়, জিইসি হয়ে পুনরায় চারুকলা ইনস্টিটিউটে গিয়ে শেষ হবে।

ডিসি হিল পার্কে বর্ষ বিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করেছে  সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ।

পরিষদের সদস্য সচিব আহমেদ ইকবাল হায়দার জানান, বিকাল ৪টায় শুরু হবে বর্ষ বিদায়ের অনুষ্ঠান।

সকাল সোয়া ৬টায় উচ্চাঙ্গ সংগীতের মধ্যে দিয়ে শুরু হয়ে অনুষ্ঠান চলবে সন্ধ্যা পর্যন্ত। 

নগরীর সিআরবির শিরীষ তলায় নববর্ষ উদযাপন পরিষদ আয়োজন করেছে দুদিনব্যাপী অনুষ্ঠান।

পরিষদের সহ-সভাপতি সাংবাদিক ও নাট্যজন প্রদীপ দেওয়ানজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার বিকালে ঢোল বাজনার মধ্যে দিয়ে শুরু হবে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা।

সকাল ৭টায় সেতার বাদনের মধ্য দিয়ে শুরু হবে বর্ষ বরণের এই অনুষ্ঠান। দুপুরে থাকবে সাহাবউদ্দিনের বলী খেলা।

এছাড়া, নগরীর শিল্পকলা একাডেমি, বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম প্রেস ক্লাবসহ বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে পহেলা বৈশাখের অনুষ্ঠান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সকাল ৯টায় হবে আনন্দ শোভাযাত্রা। বিশ্ববিদ্যালয় রেল স্টেশন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের জারুল তলায় গিয়ে শেষ হবে তা।

শোভাযাত্রার পর জারুল তলায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। পঞ্চ কবির গান, বাউল গান, লোকগান, আধুনিক গান, মুকাভিনয় ও আদিবাসী নৃত্য দিয়ে অনুষ্ঠান সাজানো হয়েছে।

এছাড়া বলী খেলা, লাঠি খেলা, সাপ খেলা, পুতুল নাচও থাকছে। সন্ধায় সঙ্গীত পরিবেশন করবেন ন্যান্সি ও ফকির শাহাব উদ্দিন।

পুলিশের প্রস্তুতি

নগরীতে বর্ষ বরণ ও বিদায় অনুষ্ঠানের নিরাপত্তায় ১ হাজার পুলিশ সদস্যের পাশাপাশি ৫০০ র‌্যাব সদস্যও থাকবে বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

তবে নিরাপত্তার কারণে সন্ধ্যা ৭টার মধ্যে সব অনুষ্ঠান শেষ করতে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বিশেষ শাখা) মোহাম্মদ মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীতে ছোট বড় মিলিয়ে এবছর মোট ৪৮টি স্থানে অনুষ্ঠান পালনের জন্য পুলিশের কাছ থেকে অনুমতি নেয়া হয়েছে । 

ডিসি হিল ও সিআরবি এলাকায় বড় দুটি অনুষ্ঠানে পুলিশের বিশেষ পাহারা থাকবে বলে জানান তিনি।

ডিসি হিলে প্রবেশ পথে চারটি আর্চওয়ে বসানো হবে। সিআরবি এলাকায় মেটাল ডিডেক্টর দিয়ে তল্লাশি করা হবে।

নগরীর লাভ লেইন, চেরাগী পাহাড়, এনায়েত বাজার মোড় এবং বোস ব্রাদার্স থেকে ডিসি হিল পর্যন্ত সড়কে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ থাকবে বলে পুলিশ উপকমিশনার জানান।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, সাত রাস্তার মাথা এবং কাঠের বাংলো থেকে  সিআরবি এলাকা পর্যন্ত সড়কেও যান চলাচল বন্ধ থাকবে।

এদিকে, র‌্যাব-৭ এর কর্মকর্তা স্কোয়াড্রন লিডার নাজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বর্ষ বরণের দিন চট্টগ্রামে ৫০০ র‌্যাব সদস্য মোতায়েন থাকবে।

শনিবার থেকে নগরীর বিভিন্ন স্থানে সাদা পোশাকে র‌্যাব সদস্য কাজ করছে বলে জানান তিনি। 

নাজমুল হক জানান, নগরীর পাশাপাশি সৈকত এলাকায়ও নজরদারি থাকবে।