২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইবি ‘থানায় নির্যাতনে’ হাজতির মৃত্যু

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় নির্যাতনে এক হাজতির মৃত্যুর অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইসলামী বিশ্ববিদ্যালয়, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2013, 10:28 AM

Updated : 23 Aug 2022, 10:33 AM

শুক্রবার সন্ধ্যায় থানা হাজতে মারা যান সদরের চরপাড়া গ্রামের বদরউদ্দিন মণ্ডলের ছেলে তাজউদ্দিন মণ্ডল।

তাজউদ্দিনের ভাতিজা উজ্জ্বল হোসেন অভিযোগ করেন, শুক্রবার সন্ধ্যায় ‘সুনির্দিষ্ট’ কোনো অভিযোগ ছাড়াই হরিনারায়ণ পুলিশ ফাঁড়ির এসআই শরিফুল ইবি থানার ওসি গাজী রুহুল ইমামের নির্দেশে তাজউদ্দিনকে আটক করে থানায় নিয়ে যান। থানায় নিয়ে নির্যাতন করার ফলেই তার চাচার মৃত্যু হয়েছে।

হাজতে মৃত্যুর বিষয়টি অস্বীকার করে ওসি গাজী রুহুল ইমাম বলেন, গাছ চুরির অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। পরে অসুস্থ হয়ে পড়লে কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

কার অভিযোগে তাজউদ্দিনকে আটক করা হয়েছে জিজ্ঞেস করা হলে তিনি জবাব দেননি।

এ ব্যাপারে কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) অরবিন্দ পাল বলেন, হাসপাতালে আনার পর পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় আগেই তার মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদিন বলেন,  তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।.