জয়পুরহাটে হরতালে রাজপথে ছিল না জামায়াত
জয়পুরহাটে জামায়াতে ইসলামীর ডাকা আধাবেলার হরতাল ঢিলেঢালাভাবে শেষ হয়েছে।
শনিবার হরতালের সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত কোনো পিকেটিং বা মিছিল দেখা যায়নি। কোনো ধরনের গোলযোগও হয়নি বলে জানিয়েছেন সদর থানার ওসি আব্দুর রশিদ।
জেলা শিক্ষা বিভাগ জানিয়েছে, এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা নির্বিঘ্নে কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নিয়েছে ।
জয়পুরহাট থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি। তবে অভ্যন্তরীণ রুটে রিকশা ভ্যান, অটো রিকশা, টেম্পোসহ ট্রেন যথারীতি চলাচল করছে।
উপজেলাগুলোতেও স্বাভাবিকভাবেই চলছে জনজীবন।
গত বৃহস্পতিবার রাতে জেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলামকে তার বাড়ি থেকে অজ্ঞাত ব্যক্তিরা তুলে নিয়ে যায়।
তাকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়েছে অভিযোগ করে জেলা জামায়াত এই হরতাল ডাকে।
তবে পুলিশের পক্ষ থেকে এই অভিযোগ নাকচ করা হয়েছে।
ওসি রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামায়াত নেতার সন্ধানে পুলিশ মাঠে নেমেছে।
