গাজীপুরে চালককে খুন করে অটোরিকশা ছিনতাই
গাজীপুর সদর উপজেলায় চালককে খুন করে অটোরিকশা নিয়ে গেছে ছিনতাইকারিরা।
শুক্রবার রাত নয়টার দিকে উপজেলার পূবাইলের হায়দরাবাদ এলাকা থেকে শুকুর আলীর (২৬) লাশ উদ্ধার করেছে পুলিশ।
তিনি টঙ্গীর সিংগারার টেক এলাকার বাসিন্দা।
জয়দেবপুর থানার পূবাইল পুলিশ ফাঁড়ির এসআই মিস্টার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাতে ছিনতাইকারীরা শুকুরকে খুন করে অটোরিকশাটি নিয়ে গেছে। পরে পুলিশ খবর পেয়ে তার লাশটি উদ্ধার করেছে।
শুকুরের বুকে ও পিঠে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
