২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমিত পরিসরে বের হচ্ছে আমার দেশ

সম্পাদককে গ্রেপ্তার এবং ছাপাখানায় তালা দেয়ার পরও সীমিত পরিসরে আমার দেশ প্রকাশ করা হচ্ছে বলে জানিয়েছেন পত্রিকাটির নির্বাহী সম্পাদক।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2013, 02:21 PM

Updated : 23 Aug 2022, 10:33 AM

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারকের কথিত স্কাইপ কথোপকথন প্রকাশ এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার হন মাহমুদুর রহমান। সন্ধ্যায় অভিযান চালিয়ে ছাপাখানা সিলগালা করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।

তবে বিকল্প ব্যবস্থায় সীমিত পরিসরে শুক্রবার প্রকাশ করা হয় আমার দেশ, যে সংবাদপত্রটির বিরুদ্ধে তথ্য বিকৃত করে ধর্মীয় উস্কানি দেয়ার অভিযোগ উঠেছে।

আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ শুক্রবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবারও একই ভাবে পত্রিকাটি প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট সবাই যথারীতি কাজ করছেন। প্রেস বন্ধ করে দেয়ায় বিভিন্ন প্রেসের সঙ্গে যোগাযোগ করে শুক্রবারের সংখ্যা চাহিদার তুলনায় কম ছাপা হয়েছে। আরো কয়েকটি প্রেসের সঙ্গে যোগাযোগ করে শনিবারের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।”

অনলাইন সংষ্করণ যথারীতি চালু রয়েছে বলেও জানান তিনি।

আবদাল আহমেদ বলেন, “ছাপাখানায় আমাদের কাগজের রোল আটকে রয়েছে। পাশাপশি ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে প্রচুর চাহিদা রয়েছে। এ অবস্থায় ইচ্ছা থাকার পরও চাহিদা পূরণ করা যাচ্ছে না। কম ছাপাতে হচ্ছে। আর এ কারণে ঢাকার বাইরে কোন সংখ্যা পাঠানো সম্ভব হচ্ছে না।”  

বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারের পর মাহমুদুর রহমানকে তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১৩ দিনের রিমান্ডে পাঠানো হয়। গোয়েন্দা কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

পুরনো খবর:

আমার দেশের প্রেস ‘বন্ধ’