নড়াইলে শিবির নেতাসহ গ্রেপ্তার ৩
পুলিশের ওপর হামলার অভিযোগে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি এ এস এম গোফরানসহ জামায়াত-শিবিরের তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার অন্য দুজন হলেন- নড়াইল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সভাপতি শরিফুল ইসলাম (১৮) ও জামায়াত কর্মী মশিয়ার রহমান সিকদার (৩৯)। মশিয়ার সদর উপজেলার নাকশী গ্রামের বাসিন্দা।
শুক্রবার ভোর রাতে শহরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম জানান।
সাংবাদিকদের তিনি বলেন, গত ৫ নভেম্বর নড়াইলের পুরাতন বাস টার্মিনাল এলাকায় জামায়াত-শিবিরের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ওপর হামলা হয়। ওই ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
