২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সন্ত্রাস ও নাশকতার অভিযোগে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তার  করেছে গোয়েন্দা পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2013, 09:33 AM

Updated : 23 Aug 2022, 10:32 AM

বুধবার উপজেলা পরিষদে  সন্ত্রাস এবং নাশকতা প্রতিরোধ কমিটির সভা থেকে ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুর রহমান বুলুকে (৫০) গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

হাসানুর রহমান বুলু জামায়াতে ইসলামীর রোকন ও ইদিলপুর ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাদুল্লাপুর উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা চলার সময় তাকে গ্রেপ্তার করে।

তবে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মওলা জানান,সভা চলার সময়ে তিনি সভাস্থল থেকে বাইরে বের হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গাইবান্ধা জেলা পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলাম জানান, বুলুর বিরুদ্ধে সম্প্রতি গাইবান্ধার পলাশবাড়ী থানায় হামলা, গণজাগরন মঞ্চ ভাংচুরসহ বিভিন্ন সময়ে পলাশবাড়ীতে নাশকতা সৃষ্টির অভিযোগে রয়েছে। এছাড়া তিনি পলাশবাড়ী থানায় দায়েরকৃত কয়েকটি মামলার তালিকাভুক্ত আসামি।