ফখরুলসহ ১০ জনের জামিন আবেদন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১০ শীর্ষ নেতা এবার দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেছেন।
বিএনপি নেতাদের পক্ষে তাদের আইনজীবী সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার মঙ্গলবার পল্টন, রমনা ও শাহজাহানপুর থানার সাতটি মামলায় এই জামিনের আবেদন করেন।এর আগে হাকিম আদালত এসব মামলায় তাদের জামিন আবেদন নাকচ করেছিল।
ফখরুল ছাড়াও বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ,মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বরকতউল্লা বুলু, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী এবং যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালের পক্ষে জামিন আবেদন জমা দিয়েছেন আইনজীবীরা।
এই সাত মামলার মধ্যে মির্জা ফখরুল পাঁচটিতে, মওদুদ ও আলাল ছয়টিতে এবং মির্জা আব্বাস ও রিজভী চারটি করে মামলার আসামি। বাকি পাঁচজন সাতটি মামলারই আসামি।
দ্রুত বিচার আইন ও বিস্ফোরক আইনে গত ২, ৬ ও ১১ মার্চ এসব মামলা দায়ের করা হয়।
ফখরুলসহ আট নেতা গত ৭ এপ্রিল ঢাকার হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠায়।
এছাড়া রিজভী ও আমান আগে থেকেই অন্য মামলায় কারাগারে ছিলেন।
