২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা খুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকরামুল কবির রোমানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 04:05 AM

Updated : 23 Aug 2022, 10:31 AM

রোববার রাত ৯টার দিকে উপজেলার উত্তর চরপাতা গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।রোমান ওই গ্রামের কাদের হোসেনের ছেলে। এ ঘটনায় একই উপজেলার কামরুল হোসেন হৃদয় ও ইসমাইল হোসেন মিলন নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রায়পুর থানার ওসি  আবুল কাসেম চৌধুরী জানান, শনিবার বিকেলে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে হৃদয় ও মিলনসহ কয়েকজন যুবক রোমানের ছোট ভাই শাহাদাত হোসেন  এমরানকে মারধর করে।

“এ নিয়ে রোববার রাতে রোমানের সঙ্গে হৃদয় ও মিলনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সঙ্গীদের  নিয়ে রোমানের ওপর চড়াও হয়ে তাকে কুপিয়ে জখম করে তারা।”

আহত অবস্থায় রোমানকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

রোমান লক্ষ্মীপুর বিশ্ববিদ্যালয় সরকারি কলেজের বিএসসি প্রথম বর্ষের ছাত্র। চার ভাই বোনের মধ্যে সবার বড় ছিলেন তিনি।

এ হত্যাকাণ্ডের প্রতিবাদে রাতেই রায়পুর উপজেলা শহরে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে ছাত্রদল। হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।