তিন বাংলাদেশিকে থানায় দিয়েছে বিএসএফ
নওগাঁর পোরশা উপজেলার দোয়ারপাল সীমান্ত থেকে নিয়ে যাওয়া তিন বাংলাদেশিকে থানায় সোপর্দ করেছে বিএসএফ।
বুধবার বেলা ১টায় নওগাঁ সীমান্তের হাপানিয়া বিওপি এলাকায় পতাকা বৈঠকে বিজিবিকে একথা জানায় বিএসএফ।
বিজিবি-৪৬ নিতপুর ক্যাম্পের নায়েক সুবেদার কাজী আব্দুল গণি বলেন, পতাকা বৈঠকেই তিন বাংলাদেশিকে পশ্চিমবঙ্গের হবিপুর থানায় হস্তান্তরের কথা বলা হয়েছে।
মঙ্গলবার বিকালে ঘাস কাটতে গেলে পোরশার বিষ্ণুপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে বাবুল আক্তার বাবু (৩০), সোলেমান আলীর ছেলে আব্দুল কারিম (২৬) ও সোনারদির ছেলে সাদেকুল ইসলামকে (২৮) নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।
তাৎক্ষণিকভাবে বাংলাদেশিদের ফেরত চেয়ে বিএসএফের কাদেরিপাড়া ক্যাম্পকে চিঠি দিয়েছিল বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
