২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশকে হুমকি: টেকনাফে ‘জঙ্গি’ গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফ থানার দুই কর্মকর্তাকে এসএমএস বার্তায় হুমকি দেয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2013, 12:04 PM

Updated : 23 Aug 2022, 10:29 AM

বুধবার সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের দরগারপাড়া থেকে মোহাম্মদ নুরকে (২০) গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার সুলতান আহমদের ছেলে।

মোহাম্মদ নুর এর আগে গ্রেপ্তার রোহিঙ্গা জঙ্গি সালাউলের সহযোগীকে বলে পুলিশ দাবি করছে।

টেকনাফ থানার ওসি দিদার ফেরদৌস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৫ মার্চ একটি মোবাইল ফোন (০১৮৩৯৪২২০২৪) থেকে হুমকি দিয়ে টেকনাফ থানার এসআই সুনীলের মোবাইল ফোনে এবং এর কয়েকদিন পর ওসির মোবাইল ফোনে একটি এসএমএস পাঠানো হয়।

মোবাইল ট্র্যাকিং করে এ যুবককে আটক করা হয় বলে ওসি জানান।

ওই বার্তায় লেখা ছিল: প্রিয় গ্রাহক, আপনার হায়াত শেষ হবার আগে নেক আমল রিচার্জ করুন। আপনার বর্তমান হায়াতের ব্যালেন্স লু (লো)। তাই তাড়াতাড়ি নেক আমল অর্জন করুন।

ওই বার্তার নিচে রয়েছে মাওলানা মোহাম্মদ এন।

ওসি দিদার ফেরদৌস আরো বলেন, গ্রেপ্তার যুবক রোহিঙ্গা জঙ্গি সালাউলের সহযোগী বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তিনি এসএমএস পাঠানোর কথা এবং মোবাইল নম্বরটি তার বলে স্বীকার করেছেন।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।

গত ২১ মার্চ টেকনাফের হ্নীলার একটি মাদ্রাসা থেকে রোহিঙ্গা জঙ্গি হাফেজ সালাউল ইসলামকে আটক করে পুলিশ। মঙ্গলবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে আদালত।