২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে আইনজীবীরা জামায়াতের হরতালে নেই

 নাটোর জেলা আইনজীবী সমিতি এখন থেকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের ডাকা হরতাল পালন না করার সিদ্ধান্ত নিয়েছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2013, 11:32 AM

Updated : 23 Aug 2022, 10:29 AM

তবে অন্যান্য বড় রাজনৈতিক দলের ডাকা হরতাল তারা সমর্থন করবে বলে সোমবার সমিতির কার্যকরী পরিষদ একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বুধবার রাজশাহী ও রংপুর বিভাগে শিবিরের ডাকা হরতালের পরিপ্রেক্ষিতে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে সমিতির নেতারা জানান।

নাটোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক প্রসাদ কুমার তালুকদার বলেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলের ডাকা হরতালের দিন সকালে সমিতির সাধারণ সম্পাদক আইনজীবীদের আদালতের কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে লিখিত নোটিশ দিয়ে আসছিলেন।

কিন্তু বুধবার (৩ এপ্রিল) সকালে এ ধরনের নোটিশ দেয়া হয়নি, কারণ এখন থেকে জামায়াতে ইসলামী ও শিবিরের ডাকা হরতালে নাটোরের আইনজীবীরা আর সমর্থন দেবেন না।  

তাই বুধবার নাটোরের সব আদালত খোলা থাকে বলে জানান সমিতির এই নেতা।

বর্তমানে সমিতির কার্যকরী পরিষদে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত আইনজীবীরা নেতৃত্ব দিচ্ছেন।