ফেনীতে হাতবোমা বিস্ফোরণে দুই শিশু আহত
ফেনী শহরে খেলার সময় হাতবোমা বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে ।
মঙ্গলবার দুপুরে ফেনী শহরের শান্তি কোম্পানি সড়কে হরতাল চলাকালে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণে আহত মোহাম্মদ জিসান (৯) ও নুসরাত জাহানকে (৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ফেনী মডেল থানার ওসি মো.মোয়াজ্জেম হোসেন ।
জিসান শহরের আইডিয়াল ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এবং এলাকার প্রাইভেটকার চালক নূর করিমের ছেলে। নুসরাতের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে শহরের শান্তি কোম্পানী সড়কে প্রতিদিনের মতো শিশুরা খেলা করছিল। এ সময় বল মনে করে লাল টেপ মোড়ানো একটি বস্তু এক শিশু ছুঁড়ে মারলে তা বিকট শব্দে বিস্ফোরিত হয়।
এতে জিসান ও নুসরাত গুরুতর আহত হয়।
আহত জিসানকে ফেনী সদর হাসপাতাল ও নুসরাতকে শহরের কসমোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
