বাগেরহাটে জামায়াত-পুলিশ সংঘর্ষ
ইসলামী ছাত্র শিবির ও ১৮ দলীয় জোটের সকাল-সন্ধ্যা হরতাল সিলেটে পালিত হচ্ছে ঢিলেঢালাভাবে।
মঙ্গলবার সকালে নগরীর শাহী ঈদগাহ, মদিনা মার্কেট, বঙ্গবীর রোড এলাকায় ঝটিকা মিছিল করে হরতালকারীরা। এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা চালায়।
কিন্তু ঘটনাস্থলে পুলিশ আসার আগেই কয়েকটি হাতবোমা ফাটিয়ে শিবিরকর্মীরা স্থান ত্যাগ করে বলে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার রেজাউল করিম জানান।
তিনি জানান, এছাড়া কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে সকাল ৯টায় নগরীর সুবিদবাজার এলাকা থেকে একটি হাতবোমা উদ্ধার করেছে র্যাব সদস্যরা।
র্যাব-৯ এর উপ-অধিনায়ক মেজর শিবলী সাদিক সাংবাদিকদের জানান, রাস্তায় পড়ে থাকা হাতবোমাটি উদ্ধার করে তা নিষ্ক্রিয় করেছে র্যাবের বোমা বিশেষজ্ঞ দল।
সকাল সাড়ে ৭টায় নগরীর জিন্দাবাজার এলাকায় হরতালের সমর্থনে মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল ও ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ।
সকাল থেকে নগরীতে রিকশা ও অটোরিকশা চলাচল করলেও ভারি যানবাহন চলছে না। নাশকতা এড়াতে নগর জুড়ে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
র্যাব-পুলিশের পাশাপাশি নগরীতে দুই প্লাটুন বিজিবি মাঠে রয়েছে বলে জানান বিজিবি-৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শফিউল আযম।
সকালে সিলেট থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে যথাসময়ে সব ট্রেন ছেড়ে গেছে বলে জানিয়েছেন সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ।
