রাজশাহীতে পুলিশের ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার
রাজশাহীতে পুলিশের ওপর শিবির কর্মীদের হামলার সময় ছিনিয়ে নেয়া অস্ত্রটি উদ্ধার হয়েছে।
বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জানান, সোমবার গভীর রাতে নগরীর শালবাগান এলাকার রাজিয়া কমিউনিটি সেন্টারের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ৮ রাউন্ড গুলিসহ পিস্তলটি উদ্ধার করা হয়।
জামায়াত-শিবির কর্মীরা সোমবার সকালে শহরের শালবাগান এলাকায় বোয়ালিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলমের ওপর হামলা চালিয়ে ইট ও হেলমেট দিয়ে আঘাত করে তার মাথা থেঁতলে দেয়। এ সময় তার পিস্তলটি ছিনিয়ে নেয় শিবিরকর্মীরা।
এ ঘটনায় জড়িত সন্দেহে সোহান নামের এক শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।
ওসি জিয়াউর রহমান জানান, পুলিশের ওপর হামলা ও অস্ত্র ছিনিয়ে নেয়ার ঘটনায় ইসলামী ছাত্র শিবিরের ২৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরো ৩৫ জনকে আসামি করে বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা হয়েছে।
এসআই নাসিরুল ইসলাম বাদী হয়ে রাতেই মামলাটি দায়ের করেন।
আহত এসআই জাহাঙ্গীরকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও সন্ধ্যায় হেলিকপ্টরে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়। তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
