২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে মোমবাতি প্রজ্জ্বালন

কিশোর তানভীর মোহাম্মদ ত্বকীর খুনিদের গ্রেপ্তার, যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে মোমবাতি প্রজ্জ্বালন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2013, 01:06 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

রোববার সন্ধ্যায় চাষাঢ়ায় শহীদ মিনারে এই কর্মসূচিতে আরো ছিল গান, আবৃত্তি ও নৃত্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট সভাপতি প্রদীপ ঘোষ বাবু, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা সিপিবি সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, বাসদের সমন্বয়ক নিখিল দাস, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানি শংকর রায় প্রমুখ।

গত ৬ মার্চ বাড়ি থেকে বের হয়ে ত্বকী নিখোঁজ হয়। ৮ মার্চ তার লাশ পাওয়া যায়।

ওইদিন রাতেই রফিউর রাব্বি বাদী হয়ে অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

এখনো এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

হত্যাকাণ্ডে পুলিশের তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে নিহতের পরিবার।

ত্বকীর বাবা সাংস্কৃতিক সংগঠক রফিউর রাব্বি বলেন, “ত্বকী হত্যার পর ২৩ দিন পার হলেও পুলিশ কোনো অগ্রগতি দেখাতে পারেনি। শুধু সময় ক্ষেপন করছে। তাদের কথাবার্তায় আমাদের অবিশ্বাসের সৃষ্টি হয়েছে। আমাদের ধারণা তারা প্রভাবিত হয়ে এ ধরনের কথা বলছে।”

পুলিশ হেফাজতে থাকা রিফাতের বক্তব্য গণমাধ্যমে প্রকাশ প্রসঙ্গে তিনি বলেন, হেফাজতে থাকা অবস্থায় রিফাতের গণমাধ্যমে বক্তব্য পুরো বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে।

পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, মামলার তদন্তে অগ্রগতি হয়েছে। ইতোমধ্যে সন্দেহের তালিকার কিছু লোককে নজরদারিতে আনা হয়েছে।