ডব্লিউএএন-আইএফআরএ’র সদস্য হলো বিডিনিউজ২৪.কম
সংবাদপত্র ও সংবাদ প্রকাশকদের আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব নিউজপেপারস অ্যান্ড নিউজ পাবলিশার্সের (ডব্লিউএএন-আইএফআরএ) সদস্য হয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
চলতি বছর বিশ্বের ২২টি প্রতিষ্ঠানকে সংস্থাটির সদস্য করা হয়েছে, যার মধ্যে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাশাপাশি মাইক্রোসফট কর্পোরেশনও রয়েছে।
বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সংবাদ প্রকাশের মান উন্নয়নে কাজ করে ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ নিউজপেপারস অ্যান্ড নিউজ পাবলিশার্স। বিশ্বের ১২০টির বেশি দেশের ১৮ হাজার সংবাদপত্র, ১৫ হাজার অনলাইন সাইট ও সংবাদ সংশ্লিষ্ট তিন হাজার কোম্পানি এই সংস্থার সদস্য।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি নতুন ২২ প্রতিষ্ঠানকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার কথা জানায়।
ফ্রান্স ও জার্মানিতে সংস্থাটির সদরদপ্তর রয়েছে। এছাড়া সিঙ্গাপুর ও ভারতে রয়েছে দপ্তর।
