নিউ ইয়র্কে ‘বঙ্গবন্ধু ওয়ে’র জন্যে গণস্বাক্ষর প্রবাসীদের
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের একটি সড়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে রাখার দাবিতে গণস্বাক্ষর অভিযান শুরু করেছে প্রবাসীরা।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে ‘সর্বজনীন স্বাধীনতা দিবস উদযাপনী’ অনুষ্ঠানে এই স্বাক্ষর সংগ্রহ করা হয়।
যুক্তরাষ্ট্রের শিকাগোতে কয়েক বছর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে একটি সড়কের নাম ‘বঙ্গবন্ধু ওয়ে’ হয়েছে। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রাস্তার নামও ‘বঙ্গবন্ধু ওয়ে’ রাখার জন্য এ স্বাক্ষর সংগ্রহ করা হয়।
স্থানীয় সময় বৃস্পতিবার রাতে স্বাক্ষর গ্রহণ অনু্ষ্ঠানের সমাবেশে সভাপতিত্ব করেন শাহবাগের গণজাগরণ মঞ্চের সমর্থনে যুক্তরাষ্ট্রে গঠিত ‘ইউএস কমিটি ফর সেক্যুলার ডেমক্র্যাটিক বাংলাদেশ’ এর আহবায়ক ও নিউজার্সির একটি সিটির কাউন্সিলম্যান নূরন্নবী।
সমাবেশটি যৌথভাবে সঞ্চালন করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন ও যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুবকমান্ডের সভাপতি জাকারিয়া চৌধুরী।
স্বাক্ষর সংগ্রহের পর তা নিউইয়র্ক সিটি কাউন্সিলে জমা দেয়া হবে বলে সমাবেশে জানানো হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন ও যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের প্রধান নূরনবী কমান্ডার।
এছাড়া যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ ও অঙ্গরাজ্য আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্রের আওয়ামী আইনজীবী পরিষদ, পেশাজীবী সমন্বয়র পরিষদ, প্রজন্ম একাত্তর প্রভৃতি সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী অংশ নেন।
