বগুড়ায় উপজেলা পরিষদ উড়িয়ে দেয়ার হুমকি
বগুড়ার শেরপুর উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার শেরপুর থানার ওসি আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, ২৪ মার্চ ডাকযোগে উড়ো চিঠি পাঠিয়ে এ হুমকি দেয়া হয়েছে জানিয়ে থানায় জিডি করেছেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আজমী আরা পারভীন।
তিনি বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। চিঠিতে উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান মজনুসহ আরো একজন জনপ্রতিনিধিকে হত্যার হুমকি দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল আলম বলেন, বিষয়টিকে হালকাভাবে নেয়া হবে না। এসব বিষয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
