২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে গাড়ি পোড়ানোর ঘটনায় মামলা

হরতালে গাড়ি পোড়ানোর ঘটনায় জয়দেবপুর থানায় দ্রুতবিচার আইনে দুটি মামলা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2013, 04:15 PM

Updated : 23 Aug 2022, 10:27 AM

মামলায় বিএনপির ১১৬ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।

জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে সুজন, হাফিজুল ও মাজহারুল নামে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

জয়দেবপুর উপ-পরিদর্শক (এসআই) ফৌজিয়া রহমান বলেন, হরতাল চলাকালে বুধবার সন্ধ্যা ৭টার দিকে গাজীপুর সদর উপজেলার চান্দনা-চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অনুপম সুপার মার্কেটের সামনে দাঁড়িয়ে থাকা ভিআইপি-২৭ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসাংযোগ করে হরতাল সমর্থকরা।

এ ঘটনায় জয়দেবপুর থানার এসআই সৈয়দ আজহারুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার থানায় একটি মামলা করেছেন।

মামলায় বিএনপির ৫৬জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।

এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে চান্দনা-চৌরাস্তা এলাকায় টিকিট কাউন্টারের সামনে ঢাকা-কিশোরগঞ্জ সড়কে চলাচলকারী অনন্যা পরিবহনের একটি যাত্রীবাহী বাসেও অগ্নিসংযোগ করে পিকেটাররা। এতে বাসটির বেশিরভাগ অংশই পুড়ে যায়।

এ ঘটনায় জয়দেবপুর থানার এসআই একরামুল হক বাদী হয়ে বুধবার জয়দেবপুর থানায় আরেকটি মামলা করেন। এতে বিএনপি’র ২০জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ২০-২৫জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। 

অবশ্য বুধবার সকালে পিকেটারদের আগুনে পণ্যবাহী ট্রাক পোড়ানোর ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত কোনো মামলা হয়নি।

জয়দেবপুর থানার ওসি এসএম কামরুজ্জামান জানান, ট্রাকের মালিক না আসায় এখনো মামলা হয়নি।