২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইনোভেশন ফান্ড’ এর যাত্রা শুরু

রাষ্ট্রীয় সেবার মান উন্নয়নে সরকারি-বেসরকারি ও ব্যক্তি পর্যায়ে সৃজনশীল প্রচেষ্টাকে সহায়তা দিতে যাত্রা শুরু করেছে ‘ইনোভেশন ফান্ড’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2013, 01:02 PM

Updated : 23 Aug 2022, 10:27 AM

বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে এই ফান্ডের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

প্রধানমন্ত্রী কার্যালয়ের ‘একসেস টু ইনফরমেশন’ প্রকল্পের আওতায় এতে সহায়তা দিচ্ছে সরকার, ইউএনডিপি এবং একশন এইড।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, সেবামূলক উদ্ভাবনের জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গবেষক, উন্নয়নকর্মী এবং শিক্ষার্থীরা এ তহবিল থেকে অর্থ বরাদ্দের জন্য আবেদন করতে পারবেন।

এসব সেবামূলক কর্মকান্ডের মধ্যে রয়েছে দারিদ্র্যবান্ধব সেবা প্রদান ব্যবস্থা, সেবা বিকেন্দ্রীকরণ, নারীর ক্ষমতায়ন, গ্রামীণ উন্নয়ন, পরিবেশবান্ধব প্রযুক্তি, স্বল্পমূল্যের প্রযুক্তি, তথ্যে প্রবেশাধিকার, বাংলা ভাষা সহায়ক সফটওয়্যার ইত্যাদি।

এছাড়া সরকার ঘোষিত ‘রূপকল্প ২০২১’ বাস্তবায়নে সহায়ক প্রয়াসসমূহ বাস্তবায়নের লক্ষে এ ফান্ড থেকে অর্থ বরাদ্দের জন্য আবেদন করা যাবে।

২০১৩ সালের জন্য এ তহবিলের আওতায় মোট দেড় কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে। তিন বছরের মধ্যে তা বাড়িয়ে করে হবে তিন কোটি টাকা।

এ তহবিলের আওতায় একজন উদ্ভাবক ক্ষুদ্র উদ্যোগের জন্য ৫ কোটি টাকা, মাঝারি উদ্যোগ ৫ থেকে ১৫ কোটি এবং বৃহৎ উদ্যোগের জন্য ১৫ থেকে ২৫ কোটি টাকা বরাদ্দ পাবেন।

এজন্য উদ্ভাবকদের আগামী ৩০ জুনের মধ্যে www.a2i.pmo.gov.bd এই ওয়েবসাইটে আবেদন জমা দিতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী মুহিত বলেন, “ইনোভেশন ফান্ড দেশের তরুণ উদ্ভাবকদের সৃজনশীলতাকে উৎসাহিত করবে।

সেইসঙ্গে এর মাধ্যমে বিচার ব্যবস্থাসহ অন্যান্য খাতেও উন্নতি হবে বলে মনে করেন তিনি।

এ সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে আদালতে ৭৫ শতাংশই মামলাই জমি সংক্রান্ত। দেশের ভূমি রেজিষ্ট্রেশন ব্যবস্থাকে ডিজিটাল করা হলে এসব মামলা অনেক কমে যাবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভী বলেন, রাষ্ট্রীয় সেবার মান বৃদ্ধির মাধ্যমে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র উন্নতি সাধন করেছে।

এ অর্থায়ন দেশের সামগ্রিক উন্নয়নকে ব্যাপকভাবে প্রভাবিত করতে সক্ষম হবে বলেও মনে করেন তিনি।

তবে কোনো কিছু অনুকরণ না করে বরং সৃজনশীলতাকে প্রাধান্য দিতে তরুণদের আহবান জানান গওহর রিজভী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ উজ জামান, ইউএনডিপি’র কান্ট্রি ডিরেক্টর পলিন ট্যামেসিস প্রমুখ।