২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তোলা হল রাহার লাশ

লাক্স তারকা সুমাইয়া আজগার রাহার লাশ কবর থেকে তুলে ময়না তদন্ত করা হয়েছে, যিনি আত্মহত্যা করেছেন বলে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

)-

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2013, 08:22 AM

Updated : 23 Aug 2022, 10:27 AM

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে ঢাকার নির্বাহী হাকিম শামীমা আক্তার শান্তির উপস্থিতিতে আজিমপুর কবরস্থান থেকে রাহার লাশ তোলা হয়।

এ সময় রাহার বাবা আলী আজগার ও তদন্ত কর্মকর্তা এসআই আনোয়ার হোসেনও উপস্থিত ছিলেন।

পরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে লাশের ময়নাতদন্ত হয়। রাহার শরীরে কোনো ধরনের জখম নেই বলে ময়নাতদন্ত প্রতিবেদন প্রস্তুতকারী চিকিৎক ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রভাষক সোহেল মাহমুদ জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুধু গলায় কালো দাগ রয়েছে, যা ফাঁস দিলে হয়ে থাকে।”

লাশটি প্রায় পচন ধরেছিল। তার শরীর থেকে কিডনি, পাকস্থলী, জরায়ু, শ্বাসনালীর কিছু অংশ সংরক্ষণ করা হয়েছে।

কেন রাখা হয়েছে জানতে চাইলে ডা. সোহেল বলেন, “তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল কি না, বিষক্রিয়ার বা খাবারের সঙ্গে বিষ মাখানো হয়েছিল কি না, ধর্ষণ করা হয়েছিল কি না- সে সব প্রশ্নের উত্তরের জন্য এটা রাখা হয়েছে।”

ময়নাতদন্তের পর বিকালে রাহার লাশ পুনরায় দাফনের জন্য তার স্বজনদের কাছে দেয়া হয় বলে এসআই আনোয়ার জানান।

রাহার চাচা জামাল উদ্দিন মিল্টন জানান, সন্ধ্যায় লাশ আজিমপুর কবরস্থানে পুনরায় দাফন করা হয়েছে।

গত সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে লাশ তোলার আবেদন করেন এসআই আনোয়ার।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে মামলার নথি পাঠানোর নির্দেশ দেন মহানগর হাকিম জয়নাব বেগম।

বুধবার ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) আবুল ফজল মীর নির্বাহী হাকিম শান্তিকে লাশ তোলার দায়িত্ব দেন।

আবেদনে বলা হয়, গত ২২ মার্চ দিবাগত রাতে রাহা তার মোহাম্মদপুরের চান মিয়া হাউজিংয়ের বাসায় ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে মারা যান। কিন্তু রাহার বাবা সংশ্লিষ্ট থানাকে বিষয়টি না জানিয়েই আজিমপুর কবরস্থানে তার লাশ দাফন করেন।

রোববার রাতে রাহার বাবা আলী আজগার মোহাম্মদপুর থানায় একটি অপমৃত্যুর মামলা করেন।

মামলায় বলা হয়, শুক্রবার রাতে ঐশিক ও লামিয়া নামের দুই বন্ধুর সঙ্গে বাসায় ফেরেন রাহা। এসময় মাকে নিজের শরীর খারাপের কথা জানালে তার মা তাকে লেবুর সরবত করে দেন। এরপর তার কিছুটা ভালো লাগছে বলে রাতে স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়েন তিনি।

সকালে তার ঘুম ভাঙানোর জন্য ডাকতে গেলে অনেকক্ষণ তার কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে দেখেন, রাহার দেহ ফ্যানের সঙ্গে ঝুলছে।

পুরনো খবর:

হাকিম শান্তির তত্ত্বাবধানে তোলা হবে রাহার লাশ