পাবনায় গৃহবধূকে ‘হত্যা’, স্বামী-শ্বশুর গ্রেপ্তার
পাবনার সাঁথিয়া উপজেলায় যৌতুক না দেয়ায় এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।
বুধবার সাঁথিয়ার নাগডেমড়া নিশিপাড়া গ্রামে মারা যান পরিতোষ দাসের স্ত্রী রিমা রানী দাস (১৮)।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ স্বামী পরিতোষ (২২) ও শ্বশুর মিস্টুম দাসকে (৪৩) গ্রেপ্তার করেছে।
থানায় করা অভিযোগ থেকে জানা যায়, প্রায় চার মাস আগে পাবনার সুজানগর উপজেলার বালিয়াডাঙ্গী গ্রামের সিন্দু দাসের মেয়ে রিমার সঙ্গে পরিতোষের বিয়ে হয়। বিয়ের পর থেকেই রিমাকে শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য নির্যাতন করতে থাকে।
সাঁথিয়া থানার ওসি বজলুর রশিদ বলেন, রিমা ও পরিতোষের বিয়ের সময় এক লাখ টাকার যৌতুক দেয়া হয়। আরো যৌতুকের দাবিতে পরিতোষ প্রায়ই রিমাকে নির্যাতন করত।
বুধবার সকালে যৌতুকের দাবি নিয়ে নির্যাতনের এক পর্যায়ে রিমা অসুস্থ হয়ে পড়েন। দুপুরে তার মৃত্যু হয়।
এরপরই রিমার স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করে পুলিশ।
