রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে বসছে ইসি
রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে আগামী সপ্তাহে বৈঠক করবে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী বুধবার সাংবাদিকদের এই তথ্য জানান।
গত ২০ মার্চ মারা যান ১৯তম রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। আগামী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন স্পিকার আবদুল হামিদ।
সব দলের সঙ্গে একদিনে বসবে ইসি
স্পিকার ও সংসদ সচিবালয়ের সঙ্গে আলোচনা করেই নির্বচনী তফসিলের বিষয়ে রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ ও এ আইনের বিধিমালা অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।
কবে নাগাদ তফসিল ঘোষণা করা হবে তা উল্লেখ না করলেও মাত্র এক সপ্তাহের ব্যবধানেই এ নির্বাচন শেষ করতে চায় ইসি।
“যখনই তফসিল ঘোষণা করা হবে, সে দিন থেকে এক সপ্তাহের মধ্যে নির্বাচন সম্পন্ন করবো আমরা।”
৩০০ সংসদ সদস্যের ‘প্রকাশ্য’ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। প্রধান নির্বাচন কমিশনার এ নির্বাচনে নির্বাচনী কর্তা হিসেবে কাজ করেন।
ইসি সংসদ সদস্যদের নাম, আসনক্রম, নির্বাচনী এলাকাসহ ভোটার তালিকা প্রকাশ করবে।
ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানান, সংসদীয় গণতন্ত্র চালুর পর ১৯৯১ সালে একাধিক প্রার্থী (আবদুর রহমান বিশ্বাস, বদরুল হায়দার চৌধুরী) হওয়ায় একবারই রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দিতে হয়েছে।
পরবর্তী সময়ে সরকার সমর্থিত দলের একক মনোনীত প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন।
