পিকেটারদের ধাওয়ায় চায়ের দোকানে বাস, নিহত ১
যশোরে হরতাল সমর্থকদের হামলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস রাস্তার পাশে দোকানে উঠে পড়লে একজন নিহত ও সাতজন আহত হয়েছে।
নিহত নির্মাণ শ্রমিক হাফিজুর যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের সামছু মোল্লার ছেলে।
চা দোকানি আফসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাস্থলেই মারা যাওয়া হাফিজুর দুর্ঘটনার সময় তার দোকানে বসে ছিল।
আহত দুই বাসযাত্রী রেজাউল ও মামুন জানান, চট্টগ্রাম-বেনাপোল রুটের সোহাগ পরিবহণের বাসটি সকাল সাড়ে ৮টার দিকে যশোরে এসে পৌঁছায়। হরতালের কারণে বাসটি শহরতলীর বাহাদুরপুরে রজনীগন্ধা ফিলিং স্টেশনে অবস্থান নেয়। পরে পুলিশ এসে অভয় দেয়ার পর বাসটি আবার রওনা হয়। কিন্তু কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে কয়েকজন পিকেটার বাসটি লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে। একটি ইট চালক মতিয়ার রহমানের মাথায় লাগলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডানপাশে কয়েকটি দোকানের উপরে উঠে যায়।
বাসের ধাক্কায় তিনটি চায়ের দোকান ও একটি খাবার হোটেল ক্ষতিগ্রস্ত হয়। বাসের যাত্রী, পথচারী ও দোকানের বসে থাকা লোকজনসহ মোট সাতজন আহত হয়।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি গোলাম রহমান জানান, আহতদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, “চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনাটি ঘটেছে। শুনেছি তার আগে দিয়ে হরতাল সমর্থকরা বাসটিতে ইট নিক্ষেপ করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
আহতরা হচ্ছেন বাসযাত্রী যশোর সদরের গোয়ালদহ গ্রামের রেজাউল করীম ও মামুন, বড় গোপালপুর গ্রামের ইমামুল, কিসমত নওয়াপাড়ার সাইদুর, আবু সাঈদ, মাগুরা শালিখা উপজেলার বুনাগাতির বনিউল ও বাস চালক মতিয়ার রহমান।
ওসি গোলাম রহমান জানান, নিহত হাফিজুরের লাশ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ লাইন এলাকায় রাখা হয়েছে।
