মাদারীপুরে ১১ দিন ধরে নিখোঁজ দুই ছাত্রী
মাদারীপুরের কালকিনি উপজেলায় স্কুলে গিয়ে নিখোঁজ রয়েছে দুই স্কুলছাত্রী।
এরা দুজনই উপজেলার আলীনগর এলাকার ২১নং কালিনগর ফাঁসিয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। দুজনের বয়সই ১১ বছর।
কালকিনি থানার ওসি জিম শামসুর নূর বলেন, কোলচরী স্বস্থাল গ্রামের সোহরাব হাওলাদারের মেয়ে এবং কালিনগর গ্রামের আব্দুর রহিম আকনের ভাগ্নি গত ১৬ মার্চ স্কুলে গিয়ে নিখোঁজ হয়।
স্কুলের প্রধান শিক্ষক মো. ফজলুল হক বলেন, “তারা টিফিন পিরিয়ডের পরে আর স্কুলে আসেনি। তাদের অভিবাবকদের মতো আমারাও বিষয়টি নিয়ে বিচলিত।”
সোহরাব হাওলাদার বলেন, “আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তাদের পাওয়া যায়নি। তাই কালকিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।”
