ধানের লাভজনক মূল্য নির্ধারণের দাবিতে কৃষকদের
বোরো ধানের লাভজনক মূল্য নির্ধারণের দাবিতে শেরপুরের শোভাযাত্র ও মানববন্ধন করেছে কৃষকরা।
এলাকার মানুষের উদ্যোগে গঠিত জেলা জনমূল্য কমিশন রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন আয়োজন করে।
এরপর কৃষিমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেয়া হয়।
কয়েকবছর ধরে বাংলাদেশের কৃষকরা দেশের খাদ্য চাহিদার ঊর্ধ্বে অতিরিক্ত ধান উৎপাদন করলেও তারা উৎপাদিত ধান থেকে লাভ করতে পারছে না। তাই উৎপাদিত ধানের লাভজনক মূল্য নির্ধারণের দাবি জানানো হয়।
স্মারকলিপিতে বলা হয়েছে, প্রতি একর জমিতে প্রায় ৬৫ মণ ধান উৎপাদিত হয়। এর জন্য বীজ, সেচ ও সারসহ প্রায় ৫২ হাজার নয়শ’ টাকা খরচ হয়।
কিন্তু বর্তমা বাজার মূল্যে ধান বিক্রি করে পাওয়া যায় ৪৩ হাজার ৩শ’ টাকা। এতে কৃষকের লোকসান হয় প্রায় সাড়ে নয় হাজার টাকা।
মানববন্ধনে জেলার বিভিন্ন এলাকার কৃষক সংগঠন, নাগরিক সংগঠন, ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি, জনমূল্য কমিশনের নেতৃবৃন্দ, স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সচেতন মহল অংশ নেয়।
মানববন্ধন শুরুর আগে শহরের নারায়ণপুর এলাকা থেকে শোভাযাত্রা বের হয়।
জেলা জনমূল্য কমিশনের সদস্য সচিব মো. নাজিম উদ্দিন, মকবুল হোসেন, কায়সার আহম্মেদ ফারুক প্রমুখ মানববন্ধনে বক্তব্য দেন।
