চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের শুক্রবারের সমাবেশ স্থগিত
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের শুক্রবারের নির্ধারিত কর্মসূচি স্থগিত করা হয়েছে।
নগরীর জামালখান প্রেসক্লাব চত্বরে স্থাপিত গণজাগরণ মঞ্চে যুদ্ধাপরাধীদের ফাঁসি এবং জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে প্রতি শুক্রবার অবস্থান কর্মসূচি পালনের কথা।
রাষ্ট্রপতির মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে এই শুক্রবারের নির্ধারিত কর্মসূচি স্থগিত থাকবে বলে জানান চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরিফ চৌহান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পরবর্তীতে শাহবাগ গণজাগরণ মঞ্চের সঙ্গে সঙ্গতি রেখেই নিয়মিত কর্মসূচি চলবে।
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যান ৮৪ বছর বয়সী মো. জিল্লুর রহমান। ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি দেশের ১৯তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নিয়েছিলেন তিনি।
রাষ্ট্রপতির মৃত্যুতে বৃহস্পতিবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। জাতীয় শোক পালনের অংশ হিসাবে বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়।
প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে শাহবাগের গণজারণ মঞ্চের শুক্রবারের পূর্ব নির্ধারিত সমাবেশও স্থগিত করা হয়েছে।
