কচুয়া ইউপি নির্বাচনে আ.লীগ প্রার্থী জয়ী
চাঁদপুরের কচুয়া উপজেলার ৬নং উত্তর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. বাসেদুজ্জামান বাচ্চু সরকার।
বৃহস্পতিবার রাতে ঘোষিত ফলাফলে বাচ্চু আনারস প্রতীকে ৯,২৯০ ভোট পেয়ে বিজয়ী হন বলে জানান রিটার্নিং অফিসার ও কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির।
নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী জাকির হোসেন কাপ-পিরিচ প্রতীক নিয়ে ১,৩৬১ ভোট পান।
এর আগে এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ চলে। নির্বাচনে মোট ভোটার ছিল ১৫ হাজার ৭৬৯জন।
এদিকে ‘অনিয়মের’ অভিযোগ এনে জাকির হোসেন দুপুরেই নির্বাচন বয়কট করেন। এ সময় তার কর্মী-সমর্থকরা এলাকায় বিক্ষোভ মিছিল করে।
জাকির সাংবাদিকদের বলেন, ভোটগ্রহণ শুরু হওয়ার পর বিভিন্ন কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেয়া হয়।
তিনি আরো অভিযোগ করেন, ‘অনিয়মে’ বাধা দিতে গেলে বিভিন্ন কেন্দ্র থেকে তার এজেন্টদেরকে মারধর করে বের করে দেয়া হয়। এ সময় কর্তব্যরত পুলিশ নিরব ছিল।
তবে এ অভিযোগ অস্বীকার করে রিটার্নিং কর্মকর্তা ও কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, “নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা হয়নি।”
২০১২ সালের ২৭ ডিসেম্বর ওই ইউপির তৎকলীন চেয়ারম্যান কাজী আরিফুল ইসলাম কাজলের মৃত্যুতে পদটি শূন্য ঘোষণা করা হয়। গত ২৪ ফেব্রুয়ারি সেখানে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
