২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রদ্ধা নিবেদনে সময় বিভ্রাট

নির্ধারিত সময়ে রাষ্ট্রপতির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পারেননি প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2013, 04:17 PM

Updated : 23 Aug 2022, 10:25 AM

জিল্লুর রহমানের মরদেহ বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে আসার পর বঙ্গভবনে হয় শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান।

দুপুর ১টা ৫ মিনিটে রাষ্ট্রপতির মরদেহ বঙ্গভবনের পৌঁছানোর পর প্রথমে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।

বঙ্গভবনের উত্তর দিকের লনে রাখা কফিনে এরপর অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা শ্রদ্ধা জানায়।

প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নাম যখন ঘোষণা হয়, তখন তিনি উপস্থিত হননি।

তার জন্য মিনিট খানেক অপেক্ষার পর ডেপুটি স্পিকারের পক্ষ থেকে চিফ হুইপ আব্দুস শহীদ রাষ্ট্রপতির কফিনে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর অন্যরা শ্রদ্ধা জানান।

এরপর মরদেহ নেয়া হয় বঙ্গভবনের দরবার হলে। সেখানে দুপুর ২টার সময় প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন রাষ্ট্রপতির প্রতি শেষ শ্রদ্ধা জানান।

সুপ্রিম কোর্টের নিবন্ধক এ কে এম শামসুল ইসলাম এই বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের জানানো হয়েছিল, পৌনে ২টা থেকে ৩টা পর্যন্ত অস্থায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সেজন্য আমরা ১টা ৩৫ মিনিটে বঙ্গভবনে হাজির হই।”

বুধবার সরকারের পক্ষ থেকে যে কর্মসূচি গণমাধ্যমকে জানানো হয়েছিল, তাতে বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি ও রাজনৈতিক নেতাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের সময় বলা হয়েছিল পৌনে ২টা থেকে ৩টা পর্যন্ত।

Image
বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের কফিনের পাশে বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের কফিনের পাশে বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াও বঙ্গভবনে পৌঁছান ২টা ৫ মিনিটে। এরপর দলীয় নেতাদের নিয়ে দরবার হলে রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এর আগে লনে ১টা ২২ মিনিটে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা নিবেদনের ঘোষণা দেয়া হয়, তখন তিনি ছিলেন না। মাইকে তখন বলা হয়, “আমরা বিরোধীদলীয় নেতার জন্য অপেক্ষা করছি।”

এরপর ১টা ২৭ মিনিটে লন থেকে কফিন দরবার হলে নিয়ে যাওয়া হয়।