রাষ্ট্রপতির মৃত্যুতে চবিতে শোকসভা
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে শোকসভা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে উপাচার্যের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন, কলা ও মানব বিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. ইমরান হোসেন, শাহজালাল হলের প্রভোস্ট ড. সুলতান আহমেদ, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. সৌরেন বিশ্বাস, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সফিউল আলম প্রমুখ।
অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে একজন ‘সৎ, নির্লোভ রাজনীতিক’ আখ্যায়িত করে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
রাষ্ট্রপতির মৃত্যুতে বৃহস্পতিবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। সব সরকারি-আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
জাতীয় শোক পালনের অংশ হিসাবে চবি’র সব শিক্ষক কালো ব্যাজ ধারণ করেন এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হলেও কোথাও ক্লাস হয়নি।
