২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শোককাতর বঙ্গভবনেও কথা হলো না দুই নেত্রীর

রাষ্ট্রপতির মৃত্যুশোকে বহুদিন পর আবারো এক ছাদের নিচে এলেন দেশের দুই প্রধান রাজনৈতিক দলের নেতা। কিন্তু এবারো তাদের মধ্যে কোনো কথা হলো না।    

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2013, 10:11 AM

Updated : 23 Aug 2022, 10:25 AM

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যান রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। তার মরদেহ দেশে আসার পর বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে রাখা হয় শ্র্রদ্ধা নিবেদনের জন্য।

প্রথমে বঙ্গভবনের উত্তর অংশের শোক বেদীতে রাষ্ট্রপতির কফিনে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন করেন অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সেখান থেকে কফিন নিয়ে যাওয়া হয় বঙ্গভবনের দরবার হলে।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদনের আধা ঘণ্টা পর বঙ্গভবনে আসেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বঙ্গভবনে উপস্থিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক সুমন মাহবুব জানান, শোকের আবহের মধ্যে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া যখন রাষ্ট্রপতির কফিনে ফুল দিচ্ছিলেন, তখন দরবার হলেই কিছুটা দূরে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাতে আসা কূটনীতিকদের সঙ্গে কথা বলছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।    

“শ্রদ্ধা নিবেদন শেষে খালেদা জিয়া প্রথমে সেদিকে এগিয়েও পরে ঘুরে অন্যদিকে চলে যান।”  

এ সময় প্রধানমন্ত্রীর পরনে ছিল সাদা-কালো শাড়ি। আর বিরোধী দলীয় নেতা বঙ্গভবনে আসেন গোলাপী শিফনে। 

খালেদা জিয়া পরে রাষ্ট্রপতির ছেলে সাংসদ নাজমুল হাসানসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেন এবং বঙ্গভবনে রাখা শোকবইয়ে স্বাক্ষর করেন।

এর পরপরই বঙ্গভবন থেকে চলে যান বিরোধী দলীয় নেতা।  সাংবাদিকদের সঙ্গেও তিনি কোনো কথা বলেননি।

জাতীয় নির্বাচনের আর নয় মাস বাকি থাকতে নির্দলীয় সরকার ব্যবস্থা নিয়ে প্রধান দুই দলের মুখোমুখি অবস্থানের কারণে দুই নেত্রীর সংলাপ চাওয়া হচ্ছে বিভিন্ন মহল থেকে।   

আওয়ামী লীগ ও বিএনপির মতপার্থক্য অবসানে কূটনীতিক ও ব্যবসায়ীরা দুই নেত্রীকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে আসছেন। একিই দাবিতে উচ্চ আদালতে রিট আবেদনও হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সম্প্রতি বলেন, সংলাপে তার দলের আপত্তি নেই, তবে বিএনপিকে আলোচনায় আসতে হবে শর্ত ছাড়া।

অন্যদিকে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া সংলাপের সম্ভাবনা নাকচ করে সরকার পতনের আন্দোলনের ঘোষণা দেন।

গত দুই বছরে দুই নেত্রীকে এক অনুষ্ঠানে সচরাচর দেখা না গেলেও আগে সেনাকুঞ্জের অনুষ্ঠানে বরাবরই এক হতেন তারা।

গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসেও তারা সেনাকুঞ্জে যান। কিন্তু সেখানেও তাদের মধ্যে কোনো কথা হয়নি। 

সর্বশেষ ২০০৯ সালে সেনাকুঞ্জের অনুষ্ঠানে দেখা হলে দুই নেত্রীর মধ্যে কুশল বিনিময় হয়।

একই বছর মে মাসে শেখ হাসিনার স্বামী ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুর পর ধানমণ্ডির সুধা সদনে যান খালেদা জিয়া। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমবেদনা জানান এবং দুই নেত্রীর মধ্যে কিছুক্ষণ কথা হয়।