চট্টগ্রামে তরুণীকে গণধর্ষণ, আটক ২
চট্টগ্রামে এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন। এতে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যার দিকে নগরীর কাট্টলি বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। ওই তরুণীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
পাহাড়তলী থানার ওসি আবদুর রউফ জানান, স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক ওই তরুণী সন্ধ্যায় বেয়াইয়ের সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হন।
এ ঘটনায় ধর্ষিতা বাদি হয়ে পাহাড়তলী থানায় একটি মামলা করেছেন জানিয়ে ওসি বলেন, রাতে ঘটনাস্থলের আশপাশের এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- উত্তর কাট্টলি এলাকার তমির উদ্দিনের মো. আশরাফুল (২০) এবং একই এলাকার মো. শফির ছেলে ওমর ফারুক (১৮)।
ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজনই অপরাধ স্বীকার করেছে। মেয়েটিও তাদের সনাক্ত করেছে।
