২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘চাঁদাবাজি’: গাজীপুরে দুই এসআই প্রত্যাহার

‘চাঁদাবাজির’ অভিযোগে গাজীপুরের জয়দেবপুর থানার দুই এসআইকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে নেওয়া হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2013, 05:29 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

জেলার চান্দনা চৌরাস্তা এলাকায় এক ঝুট ব্যবসায়ীর কাছ থেকে মোটা অংকের চাঁদা নেওয়ার অভিযোগ পেয়ে বুধবার এসআই কামরুল ইসলাম ও এসআই মহব্বত কবীরকে প্রত্যাহার করা হয় বলে জানান জেলা পুলিশ সুপার আব্দুল বাতেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাঁদাবাজির অভিযোগ ওঠায় জয়দেবপুর থানার এসআই কামরুল ইসলাম ও মহব্বত কবীরকে প্রত্যাহার করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। তারা দোষী প্রমাণিত হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ঝুট ব্যবসায়ী সিদ্দিকুর রহমান অভিযোগ করেন, ওইদুই পুলিশ কর্মকর্তা তার তিনটি ট্রাকে থাকা ঝুটগুলো অবৈধ বলে দাবি করেন। টাকা না দিলে তাকে মামলায় জড়িয়ে হয়রানিরও হুমকি দেন।

পরে বাধ্য হয়ে তিনি গাজীপুর সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার কানিজ জাহানকে তিন লাখ, কামরুল ইসলামকে দুই লাখ ও মহব্বত কবীরকে একলাখ টাকা দিলে বুধবার সকাল ৭টার দিকে ট্রাক তিনটি ছেড়ে দেন তারা।

মঙ্গলবার রাত ৪টার দিকে গাজীপুরের শ্রীপুর এলাকার একটি কারখানা থেকে ঝুট ভর্তি তিনটি ট্রাক গাজীপুরের টঙ্গী ও কালীগঞ্জ এলাকায় যাচ্ছিল বলে জানান এই ব্যবসায়ী।

তবে অভিযোগের বিষয়ে এএসপি কানিজ জাহান বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। এটা একটা ষড়যন্ত্র। তার বিরুদ্ধে এর আগেও ষড়যন্ত্র হয়েছে। তিনি ১৯ মার্চ হরতালের ডিউটির পর ছুটিতে আছেন।