২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অপপ্রচার’ বন্ধ না হলে আইনি ব্যবস্থার হুমকি হেফাজতের

সংবাদ মাধ্যমে হেফাজতে ইসলামকে নিয়ে কথিত অপপ্রচার বন্ধের দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2013, 01:39 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন তারা।

বুধবার বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এতে হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী লিখিত বক্তব্যে দাবি করেন, যারা হেফাজতের কর্মকাণ্ডে রাজনৈতিক রং চড়ানোর উদ্দেশ্যে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন তারা ইসলামবিরোধী শক্তির এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছেন।

তিনি বলেন, “যেসব মিডিয়া হেফাজতে ইসলামের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে, তারা এসব কর্মকাণ্ড থেকে বিরত না হলে প্রয়োজনে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবো।”

হেফাজতে ইসলামের আন্দোলনকে ‘কোন দলের নয়’ উল্লেখ করে সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব জুনাইদ বাবু নগরী বলেন, রসুলের অবমাননাকারী ‘নাস্তিকদের’ বিরুদ্ধেই তাদের এই আন্দোলন।  

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “জামায়াত কেন আওয়ামী লীগ-বিএনপি-জাতীয় পার্টির মুসলমানরাও এ আন্দোলনে থাকতে পারবে।”

শাহবাগে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলনকারীদের ‘নাস্তিক’ আখ্যায়িত করে চট্টগ্রামের গণজাগরণ মঞ্চের মহাসমাবেশ প্রতিহত করার ঘোষণা দিয়ে আলোচনায় আসে চট্টগ্রাম ভিত্তিক এ ইসলামী সংগঠনটি।এর আগে হেফাজতে ইসলামের নাম শোনা যায়নি।  

তাদের বাধার মুখে চট্টগ্রামে ১৪৪ ধারা জারি করে প্রশাসন এবং শাহবাগের আন্দোলনকারীদের অংশগ্রহণে গণজাগরণ মঞ্চের পূর্বঘোষিত ওই মহাসমাবেশ হতে পারে নি।

পরবর্তীতে হেফাজতে ইসলামের বিভিন্ন সমাবেশ থেকে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি দাবি করা হয়। এছাড়া বিভিন্ন সংবাদ মাধ্যমে জামায়াতের কাছ থেকে হেফাজত নেতৃবৃন্দের অর্থগ্রহণ নিয়ে সংবাদ ছাপা হয়।