২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্বকী হত্যা: গ্রেপ্তার রিফাত হেফাজতে

নারায়ণগঞ্জের তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডে গ্রেপ্তার রিফাত বিন ওসমানকে (২২) জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের হেফাজতে নিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2013, 01:19 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

বুধবার সকালে নগরীর কালীরবাজার এলাকা থেকে রিফাতকে গ্রেপ্তার করা হয়। রিফাত আমলাপাড়ার ওসমান গনির ছেলে। দুপুরে ১০ দিনের হেফাজত (রিমান্ড) চেয়ে আদালতে পাঠানো হয়।

বিকালে শুনানি শেষে নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম মনোয়ারা বেগম সাতদিনের হেফাজত মঞ্জুর করে।

আদালত পুলিশের উপ-পরিদর্শক (কোর্ট সিএসআই) আশরাফুজ্জামান বলেন, শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা রিফাতের ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

আদালতে নেওয়ার পর রিফাত সাংবাদিকদের বলেন, গত ১০ মার্চ ডিবি পুলিশের একটি টিম আমলাপাড়া থেকে তাকে আটক করে নিয়ে যায়। এরপর তাকে ডিবি কার্যালয়ে আটকে রাখা হয়।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের নেতা রফিউর রাব্বির ছেলে ত্বকী হত্যায় এই প্রথম কাউকে গ্রেপ্তার দেখাল পুলিশ।

গত ৬ মার্চ তার ছেলে ত্বকী শায়েস্তা খান সড়কের বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। দুইদিন পর ৮ র্মাচ সকালে শহরের চারারগোপের শীতলক্ষ্যা নদী সংলগ্ন খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করা হয়।

মামলার এজাহারে কোন আসামির নাম না থাকলেও ১৮ মার্চ ত্বকীর বাবা রফিউর রাব্বি পুলিশ সুপারের কাছে একটি অবগতিপত্র দেন, যেখানে রিফাতসহ সাত জনের নাম উল্লেখ ছিল।

রাব্বির অবগতিপত্রের অন্যরা হলেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, যুবলীগ নেতা পারভেজ, জেলা ছাত্রলীগ সহ সভাপতি রাজীব দাস, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও সালেহ রহমান সীমান্ত।

এদিকে  ত্বকী হত্যার সঙ্গে সম্পৃক্তদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন) নারায়ণগঞ্জ জেলা শাখার নেতাকর্মীরা।

সুজন জেলা কমিটির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, সুজন কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী দিলীপ কুমার সরকার, জেলা সমন্বয়কারী মুশিকুল ইসলাম শিমুল, সাধারণ সম্পাদক জিএম জব্বার চিশতী, ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য শফিউদ্দিন আহমেদ, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, ওয়ার্কার্স পার্টি জেলা কমিটির সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, জহির আহমেদ, শাহানারা বেগম, অ্যাডভোকেট মাকসুদা, মিজানুর রহমান, মালেকা বেগম প্রমুখ।